নগরীতে ঝটিকা মিছিলের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
রাজশাহী মহানগরীতে নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় শেখ শিহাব উদ্দিন ওরফে অনিক (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর লক্ষ্মীপুর প্যারামেডিকেল এলাকায় অভিযান চালিয়ে রাজপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার অনিক চণ্ডীপুর গ্রামের বাবর উদ্দিন শেখের ছেলে।
পুলিশের অভিযোগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মীকে একটি অ্যাপের মাধ্যমে লক্ষ্মীপুর প্যারামেডিকেল কলেজের সামনে জড়ো করেন অনিক। পরে তারা সেখানে প্রায় দুই মিনিটের একটি ঝটিকা মিছিল বের করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় গত ১৫ নভেম্বর রাজপাড়া থানায় বিস্ফোরক আইনের ৩, ৪ ও ৬ ধারায় ১৯ নম্বর মামলা দায়ের করা হয়। ওই মামলায় নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।