পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শবনম আক্তার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রাথমিক শিক্ষাই জীবনের ভিত্তি। এ সময় শিশুরা জীবনের প্রথম পাঠ গ্রহণ করে। বর্তমান সমাজে শিশুদের মধ্যে মোবাইল ফোনের প্রতি আসক্তির ঝুঁকি বাড়ছে। তাই শিক্ষাজীবনের শুরুতেই সন্তানরা যেন মোবাইলে আসক্ত না হয়, সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সব শিক্ষার্থী শ্রেণিতে প্রথম হবে না। তাই সন্তানের ফলাফল আশানুরূপ না হলে হতাশ হওয়ার কিছু নেই। বরং তার শিক্ষার মৌলিক ভিত্তি কতটা মজবুত হচ্ছে, সেদিকে নজর দিতে হবে। শিক্ষা ব্যবস্থার কিছু দুর্বলতা রয়েছে, সেগুলো কাটিয়ে উঠতে হবে।
তিনি আরও বলেন, সরকার দেশে সার্বজনীন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করেছে। সন্তানরা যেন বিপথে না যায়, সে জন্য অভিভাবকদের তাদের প্রতি নিয়মিত খোঁজখবর রাখতে হবে।