সাঁথিয়ায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে দপ্তরপ্রধানদের মতবিনিময় সভা
পাবনার সাঁথিয়া উপজেলার বিভিন্ন দপ্তরপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থানবিষয়ক) সাইয়েদ আবদুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সজীব আল মারুফ, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল বাতেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভা শেষে প্রধান অতিথি সাইয়েদ আবদুল্লাহর উপস্থিতিতে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া উপজেলা প্রশাসন ও কৃষি কার্যালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আবদুল করিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম মাহবুব মোর্শেদ জ্যোতি, সাবেক যুগ্ম আহ্বায়ক মীর নাজমুল বারী নাহিদসহ কৃষক, খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।