বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
রাজশাহীর বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘প্রাণিসম্পদ রপ্তানিতে ভরব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজন করে। সপ্তাহটি ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তকী ফয়সাল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজা শামীমা আক্তার।
এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্যসচিব আশরাফ আলী মলিন, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম এবং বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা।
খামারিদের মধ্যে বক্তব্য দেন পোল্ট্রি খামারি শফিকুল ইসলাম এবং গবাদিপশু খামারি হাসানুজ্জামান ও জাহাঙ্গীর আলম।
আলোচনায় খামারিরা বলেন, আগাছানাশক ও পচননাশক বিষের যথাযথ নিয়ন্ত্রণ না থাকায় তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি খামারে সঠিক সময়ে টিকাদান নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
অন্যদিকে, ভোক্তাদের পক্ষ থেকে প্রাণিসম্পদ উৎপাদনে স্টেরয়েডজাতীয় ওষুধের ব্যবহার বন্ধের আহ্বান জানানো হয়।