নারীর অধিকার ও জলবায়ু সুরক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নারী ও কিশোরীদের জীবন-জীবিকাকে আরও ঝুঁকির মুখে ফেলছে। তাই নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলার উদ্যোগে নারীদের নেতৃত্ব ও অংশগ্রহণ বাড়াতে হবে। এ জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, যুবসমাজ ও স্থানীয় জনগোষ্ঠীকে একযোগে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় ডাসকো ফাউন্ডেশনের গেটকা প্রকল্পের উদ্যোগে চারঘাট উপজেলায় আয়োজিত প্রচারাভিযানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ি, জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে স্বাক্ষর সংগ্রহ অভিযান পরিচালনা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ ও জেলা ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের সভাপতি মো. আফজাল হোসেন। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গেটকা প্রকল্পের রাজশাহী জেলা সমন্বয়কারী মদন দাস, তানোর, গোদাগাড়ী ও চারঘাট উপজেলার প্রকল্প সমন্বয়কারী ও কর্মী, উপজেলা যুবদলের সদস্য এবং উপজেলা ও ইউনিয়ন লোকমোর্চা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে সমাজের সব স্তরের নারী-পুরুষকে সচেতন হতে হবে। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এমন প্রতিজ্ঞা করতে হবে, যাতে কারও মাধ্যমে কোনো নারী সহিংসতার শিকার না হন।
বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা একে অপরের সঙ্গে সম্পর্কিত। নারীর অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়ানো জরুরি। বিশেষ করে বাল্যবিবাহ ও যৌন হয়রানি বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।
আয়োজকেরা জানান, স্থানীয় পর্যায়ে নারী ও তরুণদের সচেতন, সংগঠিত এবং সক্রিয় করে জেন্ডার সমতা ও জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও জলবায়ু সহনশীল সমাজ গড়ে তোলার প্রত্যাশা তাঁদের।