শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

রাজশাহীতে বর্জ্য ব্যবস্থাপনা কর্মশালার সমাপনী

সংবাদ বিজ্ঞপ্তি ২৬ নভেম্বর ২০২৬ ১০:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৬ নভেম্বর ২০২৬ ১০:৪০ অপরাহ্ন
রাজশাহীতে বর্জ্য ব্যবস্থাপনা কর্মশালার সমাপনী

রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে তিন দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা, মূল্যায়ন ও পরিকল্পনা কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) আওতায় এ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে জাইকা ও প্রকল্পের প্রতিনিধিদের রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।


অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম। তিনি বলেন, রাজশাহীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে যে সুন্দর পরিবেশ ও উদ্যোগ দেখা গেছে, তা প্রশংসনীয়। রাসিক প্রশাসক মাহফুজুর রহমানের নেতৃত্বে রাজশাহী এগিয়ে যাচ্ছে। এ সফরের অভিজ্ঞতা ও অর্জন গাজীপুর সিটি করপোরেশনের কার্যক্রমে কাজে লাগাতে চান তাঁরা।


এ ছাড়া বক্তব্য দেন ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো, প্রকল্প পরিচালক এ এস এম রাশেদুর রহমান, রাসিকের সচিব সোহেল রানা এবং প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন।


তিন দিনব্যাপী এ কর্মশালায় রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা বিনিময়ে গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া এলজিইডি, জাইকা ও ইউডিসিজিপির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত ২৪ নভেম্বর নগর ভবনের সিটি হলরুমে কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি সাওরি কোজিমা এবং ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গোসহ অন্য অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।


কর্মশালার অংশ হিসেবে ২৪ নভেম্বর রাতে হোটেল গ্র্যান্ড রিভারভিউতে জাইকা ও এলজিইডির ইউডিসিজিপির উদ্যোগে ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পাইলট অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ডস নাইট’ অনুষ্ঠিত হয়। এতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ দেশের সিটি করপোরেশনগুলোর মধ্যে পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য রাজশাহী সিটি করপোরেশনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে জাইকা ও প্রকল্পের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের হাতে পুরস্কার তুলে দেন।