শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক ২৬ নভেম্বর ২০২৬ ১০:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৬ নভেম্বর ২০২৬ ১০:৪১ অপরাহ্ন
নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে এক নারীকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শাহমখদুম থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্পেশাল টিম ও থানা পুলিশের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।


এ সময় শাহমখদুম থানার নামোপাড়া গ্রামের রহমত আলীর মেয়ে ও জয়নাল আহম্মেদের স্ত্রী রুনা বেগমকে (৩০) ১২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।


অন্যদিকে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা পুলিশের অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, গত ২৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ নবগঙ্গা গ্রামের মো. আ. মজিদের ছেলে হেলেনের (৪৮) বসতবাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হেলেন পালিয়ে যান। তবে তাঁর স্ত্রী মোসা. লাইলা বেগম (৪৪), দামকুড়া থানার চর মাঝারদিয়া গ্রামের মো. মাইনুদ্দিন ওরফে কালুর ছেলে মো. নাইম (২৩) এবং মো. শহিদ ইসলামের ছেলে মো. রাকিব ইসলামকে (২০) গ্রেপ্তার করা হয়।


পরে গ্রেপ্তার লাইলা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক হেলেনের বাড়িতে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পলাতক ও গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।


গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক হেলেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আরএমপি জানিয়েছে, রাজশাহী মহানগরীকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধ ও দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।