পুঠিয়ায় জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ
রাজশাহীর পুঠিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা, জমি দখলের চেষ্টা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে নুসরাত জাহান বিউটি খাতুন ও তাঁর পরিবারের বিরুদ্ধে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সুফিয়া বেগমের মেয়ে শ্যামলী খাতুন। এ সময় উপস্থিত এলাকাবাসীও অভিযুক্ত বিউটি খাতুনের গ্রেপ্তার দাবি করেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার বানেশ্বর ইউনিয়নের খুটিপাড়া গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শ্যামলী খাতুন অভিযোগ করেন, গত ১০ জুন জমি দখলের উদ্দেশ্যে বিউটি খাতুন, তাঁর স্বামী ও পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র, শাবল, কোদাল ও লাঠিসোঁটা নিয়ে তাঁর মায়ের ওপর হামলা চালান। এতে সুফিয়া বেগম গুরুতর আহত হন। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শ্যামলীর দাবি, ওই ঘটনাকে ভিন্ন খাতে নিতে বিউটি খাতুন নিজেই গাছের সঙ্গে মাথা ঠুকে আহত হওয়ার ঘটনা সাজান এবং পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে মামলা করেন।
তিনি আরও অভিযোগ করেন, গত ১২ নভেম্বর সালিশি বৈঠকের আগে আবারও জমি দখলের চেষ্টা করা হয়। এ সময় তাঁর ভাই চঞ্চলকে লাঠি ও শাবল দিয়ে হত্যার চেষ্টা করা হয়। পরে চঞ্চলসহ কয়েকজন গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করা হলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। হ্যান্ডকাফ পরা অবস্থায় চঞ্চলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় পরিবারটি অপমানিত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে বলেও জানান তিনি।
শ্যামলী খাতুন বলেন, আমরা কারও জমি দখল করতে চাই না, কারও সঙ্গে অন্যায় করতে চাই না। আমরা শুধু ন্যায়বিচার ও নিরাপত্তা চাই। অর্থনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে অভিযোগ করে তিনি তথ্য-প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জমি নিয়ে বিরোধ, হামলা ও মামলার অভিযোগ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। গত ১০ জুন ও ১২ নভেম্বরের হামলার অভিযোগ তদন্ত, সুফিয়া বেগম ও তাঁর ছেলে চঞ্চলের নিরাপত্তা নিশ্চিত, জমি দখলের চেষ্টা বন্ধ এবং হয়রানিমূলক মামলার অভিযোগ যাচাইসহ সাত দফা দাবি জানানো হয়।
তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে গেলে অভিযুক্ত নুসরাত জাহান বিউটি খাতুন ও তাঁর পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় শুনে কল কেটে দেন। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।