শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

গোদাগাড়ীতে জনজাতির ভূমি সুরক্ষায় সচেতনতামূলক পথনাটক

সংবাদ বিজ্ঞপ্তি ২৬ নভেম্বর ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৬ নভেম্বর ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন
গোদাগাড়ীতে জনজাতির ভূমি সুরক্ষায় সচেতনতামূলক পথনাটক

গোদাগাড়ী উপজেলার কাকনহাটে জনজাতির ভূমি সুরক্ষায় সচেতনতা তৈরিতে পথনাটক অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিসিবিভিও, রাজশাহীর সহযোগিতায় মানওয়া আভাং নাট্য ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার আয়োজনে এ পথনাটক পরিবেশিত হয়।


নাটকে ‘রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০’-এর ৯৭ ধারার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এতে জনজাতির মানুষ কীভাবে এ আইনের সুরক্ষা পাবেন এবং ভূমি থেকে বঞ্চিত ও হয়রানির শিকার হওয়া এড়াতে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা উপস্থাপন করা হয়।


নাটক পরিবেশনের সময় ‘এ আইন সম্পর্কে সবার জানা উচিত, যাতে জনজাতিসহ সব মানুষের ভূমি হস্তান্তরসহ অন্যান্য বিষয় নিরাপদ ও আইনসম্মতভাবে সম্পন্ন হয়’—এমন বার্তা প্রচার করা হয়।


নাটক চলাকালে উপস্থিত দর্শকেরাও সংলাপে অংশ নেন। এতে পরিবেশনা আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় গোদাগাড়ী থানা পাড়াগাঁওয়ের রবি হেমব্রম আইনটির ৯৭ ধারা নিয়ে আলোচনা করেন।


আয়োজক সূত্রে জানা যায়, মানওয়া আভাং নাট্য ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা রাজশাহী জেলার জনজাতিগোষ্ঠীর মধ্যে পরিচিত একটি সাংস্কৃতিক সংগঠন। সংগঠনটি জনজাতির সাংস্কৃতিক, সামাজিক ও সার্বিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। নাট্যদল ও সংস্থার সদস্যরাও জনজাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত।


নাটকটি পরিচালনা ও সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক মিখায়েল সরেন। পরিবেশনার সময় উপস্থিত ছিলেন সিসিবিভিওর ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরি।