বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, দুজনের কারাদণ্ড
রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের কাচারিপাড়ায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল গুড় ও তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে ১০ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
অভিযানে বিপুল পরিমাণ ভেজাল গুড়, কৃত্রিম রং, কেমিক্যাল, চুন, চিনি ও ময়দা পাওয়া যায়। পরে চিনি ও ময়দা জব্দ করে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় দান করা হয়। অন্যদিকে, ভেজাল গুড় তৈরিতে ব্যবহৃত রং ও কেমিক্যাল বিনষ্ট করা হয়।
এ সময় ভেজাল গুড় উৎপাদনের সঙ্গে জড়িত মো. বকুল ও ফজলুর রহমানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ১০ মাস করে কারাদণ্ড প্রদান করেন।
অভিযান পরিচালনা করেন বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।