রাজশাহীর শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাঘা থানার সেরাজুল হক
রাজশাহী জেলার অক্টোবর ২০২৬ মাসের সার্বিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বাঘা থানার ওসি মো. সেরাজুল হক।
এ উপলক্ষে রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদ তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন ইউনিটের ইনচার্জ এবং পুলিশ লাইন্সের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মামুন অর রশিদ পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, অনলাইন প্রতারণা প্রতিরোধ, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
এ ছাড়া অমীমাংসিত ও ক্লুলেস মামলাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে অপরাধের রহস্য উদ্ঘাটন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের তৎপর থাকার আহ্বান জানান।
রাতে দায়িত্ব পালনকারী টহল দলগুলোকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ প্রতিরোধে রাতের টহল জোরদার করতে হবে।
সভায় পুলিশ সুপার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের সমস্যার কথা শোনেন এবং তাঁদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি শীতের মৌসুমে বাইরে দায়িত্ব পালনের সময় নির্ধারিত নিয়ম মেনে শীতের পোশাক সঙ্গে রাখার নির্দেশনা দেন।
সার্বিক কর্মমূল্যায়নে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় বাঘা থানা পুলিশের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।