শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

গোমস্তাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

গোমস্তাপুর প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
গোমস্তাপুর প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন
গোমস্তাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. মিজানুর রহমান। এ উপলক্ষে শোভাযাত্রা ও উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ৯টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  জিল্লুর রহমান।


সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. মু. মিজানুর রহমান। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াসিম আকরাম। এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোয়াজ্জেম হোসেন, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ, ভেটেরিনারি সার্জন ডা. বরুন কুমার প্রামানিকসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় ব্যক্তিরা।


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মিজানুর রহমান বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও খামারিদের নিরলস পরিশ্রমে দেশের প্রাণিসম্পদ খাত উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দেশের চাহিদা পূরণের পাশাপাশি নিরাপদ প্রাণিজ ও চামড়াজাত পণ্য বিশ্ববাজারেও গ্রহণযোগ্যতা পাচ্ছে। এতে রপ্তানি আয় বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রাণিসম্পদ খাতকে আরও রপ্তানিমুখী করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান তিনি।


উল্লেখ্য, ২৬ নভেম্বর শুরু হওয়া তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ আগামী ২৮ নভেম্বর শেষ হবে। এ আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি খামারিদের মধ্যে আধুনিক ও বিজ্ঞানসম্মত পশুপালন বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।