সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, প্রদর্শনীতে ২৬ স্টলে নানা প্রজাতির প্রাণী
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করার প্রত্যয় নিয়ে সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজরান রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম মনজুরে মাওলা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ভেটেরিনারি সার্জন ডা. মো. মেরাজ হোসেন মিসবাহ। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমির হামজা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টিনিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের অপার সম্ভাবনা কাজে লাগাতে আধুনিক প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা, উন্নত জাতের পশু-পাখি পালন এবং রোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
তাঁরা আরও বলেন, নিরাপদ ও মানসম্মত প্রাণিজ খাদ্য উৎপাদনে খামারিদের প্রশিক্ষণ ও দক্ষতা বাড়ানো জরুরি। পাশাপাশি খামারিদের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নারী ও তরুণ উদ্যোক্তাদের প্রাণিসম্পদ খাতে সম্পৃক্ত করার পাশাপাশি আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন বাড়ানো গেলে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির নতুন সম্ভাবনাও তৈরি হবে।
বক্তারা প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন এবং নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা তৈরিতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভার আগে অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। প্রদর্শনীতে ২৬টি স্টলে উদ্যোক্তা ও খামারিরা গরু, ছাগল, ভেড়া, বিড়াল ও মুরগিসহ বিভিন্ন প্রজাতির প্রাণী প্রদর্শন করেন। এসব স্টলে আধুনিক খামার ব্যবস্থাপনা, উন্নত জাতের প্রাণী পালন এবং প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা তুলে ধরা হয়।
এ সময় সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান, জেলা প্রাণিসম্পদ দপ্তরের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আব্দুল মোমিন সেখসহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রদর্শনীস্থলে গিয়ে শেষ হয়।