শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

এইচএসসি সম্পূরক পরীক্ষা সুষ্ঠুভাবে নিতে রাজশাহী শিক্ষা বোর্ডে কেন্দ্রসচিবদের সভা

নিজস্ব প্রতিবেদক ২৬ নভেম্বর ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৬ নভেম্বর ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন
এইচএসসি সম্পূরক পরীক্ষা সুষ্ঠুভাবে নিতে রাজশাহী শিক্ষা বোর্ডে কেন্দ্রসচিবদের সভা

২০২৬ সালের এইচএসসি (সম্পূরক) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে রাজশাহী শিক্ষা বোর্ডে কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় রাজশাহী শিক্ষা বোর্ডের প্রশাসনিক ভবনে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় উপস্থিত ছিলেন বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) মোসা. সেলিনা পারভীন, উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. জাহিদুর রহিম, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার এবং বোর্ডের আওতাধীন আট জেলার ৭০টি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রসচিবরা। সভা সঞ্চালনা করেন উপপরীক্ষা নিয়ন্ত্রক (রেকর্ড ও সনদ) মো. মুঞ্জুর রহমান খান।


পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। শুরুতেই কেন্দ্রসচিবদের পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পরীক্ষা নিয়ন্ত্রক ও সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট। পাশাপাশি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।


সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক কেন্দ্রসচিবদের নিজ নিজ কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।


রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি (সম্পূরক) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৪৯ হাজার ৯৩ জন। এর মধ্যে ছাত্র ২৭ হাজার ৬৪৭ জন এবং ছাত্রী ২১ হাজার ৪৪৬ জন। বোর্ডের আওতাধীন আট জেলায় মোট পরীক্ষা কেন্দ্র রয়েছে ৭০টি।


সভায় সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক সব পরীক্ষার্থীর মঙ্গল ও সাফল্য কামনা করেন।