রাজশাহীতে দুই শতাধিক তরুণের অংশগ্রহণে জামায়াতের যুব ম্যারাথন
রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিয়াডাঙ্গা থানা যুব বিভাগের উদ্যোগে যুব ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৭টায় নগরীর বালাজান স্কুল থেকে ম্যারাথন শুরু হয়। এতে কাশিয়াডাঙ্গা থানার বিভিন্ন এলাকার প্রায় দুই শতাধিক তরুণ অংশ নেন।
ম্যারাথনটি বালাজান স্কুল থেকে শুরু হয়ে সিটি বাইপাস সড়ক দিয়ে কাশিয়াডাঙ্গা অতিক্রম করে চারখুরার মোড় ঘুরে পুনরায় বালাজান স্কুলে এসে শেষ হয়। সকাল থেকেই এতে অংশ নিতে বিভিন্ন বয়সী তরুণেরা জড়ো হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের আমির এবং রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কাশিয়াডাঙ্গা থানা আমির ফরিদ উদ্দিন আত্তার এবং কাশিয়াডাঙ্গা থানা ও যুব বিভাগের সেক্রেটারি হাসানুজ্জামান হাসান।
আয়োজকেরা জানান, তরুণদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, শরীরচর্চায় আগ্রহ তৈরি এবং সুস্থ জীবনযাপনে উৎসাহিত করার লক্ষ্যেই এ ম্যারাথনের আয়োজন করা হয়। এতে স্থানীয় তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।
ম্যারাথনে অংশগ্রহণকারীরা নির্ধারিত পথ পাড়ি দিয়ে বালাজান স্কুলে পৌঁছালে কর্মসূচির সমাপ্তি ঘটে।