শীতের সবজিতে নেই স্বস্তি, স্থিতিশীল মুরগি ও ডিম
শীতের আগমনী বার্তার সঙ্গে বাজারে উঠতে শুরু করেছে মৌসুমি সবজি। তবে নতুন সবজির সরবরাহ বাড়লেও রাজশাহীর ক্রেতাদের জন্য মিলছে না দামের স্বস্তি। আলু, বেগুন, শিম ও ফুলকপিসহ বেশির ভাগ সবজিই বিক্রি হচ্ছে চড়া দামে। শুধু সবজি নয়, মাছ ও মাংস কিনতেও গুনতে হচ্ছে বাড়তি টাকা। তুলনামূলক স্থিতিশীল রয়েছে ডিম ও ব্রয়লার মুরগির দাম।
শুক্রবার (২৭ নভেম্বর) নগরীর সাহেববাজার ও লক্ষ্মীপুর কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বাজারে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি পাওয়া যাচ্ছে। তবে দাম বেশি হওয়ায় অনেক ক্রেতাকেই প্রয়োজনের তুলনায় কম পরিমাণে কিনতে হচ্ছে।
খুচরা বাজারে দেশি লাল আলু প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকা এবং হল্যান্ড বা কার্ডিনাল জাতের আলু পাওয়া যাচ্ছে ২০ থেকে ৩০ টাকা কেজি দরে। শীতের মৌসুমে বাজারে আসা শিমের দাম কেজিপ্রতি ৯০ থেকে ১০০ টাকা। বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকা এবং ফুলকপি ৫০ থেকে ৫৫ টাকায়।
অন্যান্য সবজির মধ্যে টমেটো কেজিপ্রতি ৮০ থেকে ৯০ টাকা, গাজর ৯০ থেকে ১৩০ টাকা, করলা ৮০ টাকা এবং ঢেঁড়স ও বরবটি ৫৫ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, মুলা ৩০ থেকে ৩৫ টাকা এবং আকারভেদে বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকায়। প্রতি পিস লাউ ও চালকুমড়া বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। কচুরলতি কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা, মিষ্টিকুমড়া ৪০ থেকে ৫০ টাকা, হাইব্রিড ও দেশি খিরা বা শসা ৬৫ থেকে ৭০ টাকা, কাকরোল ৪০ থেকে ৫০ টাকা এবং পটল ৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হালি কাঁচকলা পাওয়া যাচ্ছে ২০ থেকে ২৫ টাকায়।
শাকের বাজারে লালশাক প্রতি কেজি ২০ থেকে ৩০ টাকা, পালংশাক ৪০ টাকা এবং পুঁইশাক ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী হারুন রশিদ বলেন, শীতের শুরুতে সবজির দাম কিছুটা কম ছিল। এখন উল্টো চিত্র দেখা যাচ্ছে। সবজির দাম এত বেশি যে বাজারের ব্যাগ ভরতেই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। মাছ-মাংসের দাম আগে থেকেই নাগালের বাইরে। এখন সবজির দামও বাড়তি হওয়ায় সীমিত আয়ের মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
সবজির পাশাপাশি মাছের বাজারেও ক্রেতাদের স্বস্তি নেই। বড় রুই মাছ (২ কেজির বেশি) প্রতি কেজি ৩৫০ থেকে ৪৫০ টাকা এবং সাধারণ রুই ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। দুই কেজির বেশি ওজনের কাতল ৩০০ থেকে ৩৫০ টাকা এবং সাধারণ কাতল ২৬০ থেকে ২৮০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।
মাঝারি আকারের ইলিশ (৫০০ গ্রাম থেকে ১ কেজি) বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ২ হাজার ২০০ টাকায়। মৃগেল মাছের দাম কেজিপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা। সিলভার কার্প, বিগহেড কার্প ও গ্রাসকার্প ওজনভেদে ১৭০ থেকে ২০০ টাকা এবং পাঙাশ ১৭০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে।
মাংসের বাজারে গরুর মাংস প্রতি কেজি ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মোরগ-মুরগির দাম কেজিপ্রতি ৫৫০ থেকে ৫৭০ টাকা। সোনালি মুরগি ২৬০ থেকে ৩২০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৭০ টাকায় পাওয়া যাচ্ছে।
তবে ডিমের বাজারে বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। প্রতি হালি ফার্মের সাদা ডিম ৩৬ থেকে ৪০ টাকা এবং লাল ডিম ৪০ থেকে ৪৪ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগির ডিমের হালি ৬০ থেকে ৭০ টাকা এবং হাঁসের ডিম ৬৫ থেকে ৭০ টাকা।
গৃহিণী মুস্তারি বেগম বলেন, বাজারে নতুন সবজি উঠেছে ঠিকই, কিন্তু দামের কারণে সেগুলো কেনা কঠিন হয়ে পড়েছে। একেকটি সবজির দাম অনেক বেশি। তাই বাধ্য হয়ে প্রয়োজনের তুলনায় কম পরিমাণে কিনতে হচ্ছে।
সবজির দাম বেশি হওয়ার বিষয়ে বিক্রেতা হাসিবুর রহমান বলেন, কিছু সবজির দাম বেড়েছে। এতে ক্রেতারা তাঁদের কথা শোনান। কিন্তু পাইকারি বাজারে বেশি দামে কিনতে হলে খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হয়। কম দামে কিনতে পারলে তাঁরাও কম দামে বিক্রি করতে পারেন।