শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

মহাদেবপুরে আমন ধান-চাল সংগ্রহ শুরু

মহাদেবপুর প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
মহাদেবপুর প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন
মহাদেবপুরে আমন ধান-চাল সংগ্রহ শুরু
আমন সংগ্রহ উদ্বোধন করেন এমপি ফজলে হুদা বাবুল

নওগাঁর মহাদেবপুরে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার সদর খাদ্যগুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হুদা বাবুল। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় উপজেলার সদর ইউনিয়নের সরমইল গ্রামের কৃষক খয়বর হোসেনের কাছ থেকে তিন মেট্রিক টন ধান কেনা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুসেইন মুহম্মদ এরশাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আরেফিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, উপজেলা চালকল মালিক গ্রুপের সভাপতি ও সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, সাধারণ সম্পাদক ও উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবু হাসান মণ্ডল, উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদ রাজু, সাবেক সভাপতি ও সংসদ সদস্যের প্রতিনিধি সুলতান মামুনুর রশিদ মামুন এবং সিনিয়র সহসভাপতি ইমরুল কায়েস সাজু।


এ ছাড়া উপজেলার চারটি সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন (সদর), মাখন চন্দ্র বর্মন (রাইগাঁ), উত্তম কুমার নন্দী (মহিষবাথান) ও নুরুজ্জামান হোসেন (স্বরসতিপুর), ধান-চাল ব্যবসায়ী মতিউর রহমান, বিদ্রোহ, আলমগীর হোসেন, আইনুল হোসেন ও হাজী জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।


অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন হোসেনপুর মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুস ছালাম।


উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, চলতি মৌসুমে মহাদেবপুর উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ১ হাজার ৬৮৭ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া মিলারদের কাছ থেকে প্রতি কেজি ৪৯ টাকা দরে ৭ হাজার ৫৭৬ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ১ হাজার ৭১৮ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।


তিনি জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে। উপজেলার ১৩০টি হাসকিং মিল, ২০টি সিদ্ধ চালের অটোমেটিক রাইস মিল এবং ২৩টি আতপ চালের অটোমেটিক রাইস মিল থেকে চাল সংগ্রহ করা হবে।