শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

বগুড়ায় তিন দিনব্যাপী কবি সম্মেলন শুরু, অংশ নিচ্ছেন দুই শতাধিক কবি-সাহিত্যিক

বগুড়া প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৬ ১০:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৬ ১০:৪০ অপরাহ্ন
বগুড়ায় তিন দিনব্যাপী কবি সম্মেলন শুরু, অংশ নিচ্ছেন দুই শতাধিক কবি-সাহিত্যিক

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কবি সম্মেলন। বগুড়া লেখক চক্রের আয়োজনে শুক্রবার (২৭ নভেম্বর) শুরু হওয়া এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুই শতাধিক কবি ও সাহিত্যিক অংশ নিয়েছেন। এবারের সম্মেলনে প্রধানমন্ত্রী ঘোষিত নজরুলবর্ষ উপলক্ষে বিদ্রোহী ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের জীবন, দর্শন ও সৃষ্টিকর্ম বিশেষভাবে স্মরণ করা হচ্ছে।


শুক্রবার সকাল ১০টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।


এর আগে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য কবি র‌্যালি বের করা হয়। এতে কবি, সাহিত্যিক ও অতিথিরা অংশ নেন। গান, ছন্দ ও নৃত্যের মধ্য দিয়ে র‌্যালিটি উৎসবমুখর হয়ে ওঠে।


অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মো. আব্দুল মজিদ প্রামাণিক, এসআরবি-১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ, জেলা কালচারাল অফিসার মো. মাহমুদুল হাসান, জেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার এবং বগুড়া লেখক চক্রের উপদেষ্টা আইনজীবী পলাশ খন্দকার। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা একাডেমির উপপরিচালক ও ছড়াকার ইমরুল ইউসুফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কথাসাহিত্যিক ও বাচিকশিল্পী মাহফুজ ফারুক।


উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কবি মুহম্মদ শহীদুল্লাহ। স্বাগত বক্তব্যে সংগঠনের সভাপতি ও কবি সম্মেলন উদযাপন পরিষদের সদস্যসচিব কবি ইসলাম রফিক অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করেন। তাঁদের হাতে প্রকাশনা ও কবি ব্যাগ তুলে দেন। পারিবারিক কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও সম্মেলন উদযাপন পরিষদের আহ্বায়ক ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ শুভেচ্ছা জানিয়েছেন।


সম্মেলন উপলক্ষে বগুড়া লেখক চক্রের মুখপত্র ‘ঈক্ষণ’, বেড়ে ওঠার কাগজ ‘নিওর’, স্মরণিকা, দুটি সেমিনার পেপার এবং কবি মুহম্মদ শহীদুল্লাহর কাব্যগ্রন্থ ‘নিজস্ব দুঃখগুলো’ উন্মোচন করা হয়।


তিন দিনের এ আয়োজনে উদ্বোধনী ও সমাপনী পর্বের পাশাপাশি থাকছে দুটি সেমিনার, পাঁচটি মুক্ত আলোচনা এবং সাতটি স্বরচিত কবিতা ও ছড়া পাঠের আসর। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আটজন বিশিষ্ট ব্যক্তিকে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৬’ দেওয়া হবে। সম্মেলনের শেষ দিনে কবিরা জিয়াবাড়ি ও মমইন পরিদর্শন করবেন।


সম্মেলন ঘিরে জেলা পরিষদ চত্বরে বসেছে মিনি বইমেলা। সেখানে বাংলা একাডেমি, শিশু একাডেমি ও পল্লী উন্নয়ন একাডেমির বইয়ের পাশাপাশি পাওয়া যাচ্ছে শীতের পিঠা। বগুড়া লেখক চক্রের স্টলে স্থান পেয়েছে জাতীয় ও স্থানীয় লেখকদের বই এবং বিভিন্ন লিটল ম্যাগাজিন।


সম্মেলনের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও একটি সেমিনার, তিনটি মুক্ত আলোচনা এবং তিন পর্বে কবিতা ও ছড়া পাঠ অনুষ্ঠিত হয়। পাশাপাশি নজরুল-চর্চাবিষয়ক আলোচনা ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে প্রথম দিনের আয়োজন শেষ হয়।