দেড় যুগ পর ফিরলেন মা, ছেলের কাছে এ যেন প্রথম দেখা
চার বছরের ছোট্ট নিয়ামুলকে রেখে একদিন হারিয়ে গিয়েছিলেন মা মিনারা বেগম। মায়ের চলে যাওয়ার কারণ বোঝার বয়স তখনো হয়নি তাঁর। এরপর কেটে গেছে ১৮ বছর। এই দীর্ঘ সময়ে নিয়ামুল বড় হয়েছেন, চাকরি নিয়েছেন, সংসারও গড়েছেন। কিন্তু মায়ের কোনো খোঁজ পাননি। মায়ের মুখটিও স্পষ্ট মনে নেই তাঁর। তবু বিশ্বাস হারাননি—মা বেঁচে আছেন, একদিন হয়তো ফিরে আসবেন।
অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। শুক্রবার (২৭ নভেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একটি ওয়ার্ডে দেখা হলো মা-ছেলের। দেড় যুগ পর মাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত নিয়ামুল। আর স্মৃতির ভাঙা টুকরো ধরে নিজের পরিবারকে খুঁজে পাওয়া মিনারার কাছেও ফিরে এসেছে স্বজনদের ঠিকানা।
নিয়ামুলের বয়স এখন ২২ বছর। একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। স্ত্রীকে নিয়ে থাকেন বরিশাল নগরীর রুপাতলী এলাকায়। চার বছর বয়সে মাকে দেখার স্মৃতি তাঁর মনে নেই। তাই এত বছর পর মায়ের সামনে দাঁড়িয়ে এটিকেই জীবনের প্রথম দেখা বলে মনে হচ্ছে তাঁর।
নিয়ামুল বলেন, ‘আমার বিশ্বাস ছিল মা বেঁচে আছে। আমার বিশ্বাসই সত্য হলো। চার বছর বয়সে মাকে দেখেছি, সে কথা এখন মনে নেই। এতদিন পর আজ দেখছি। এটি একরকম প্রথম মাকে দেখা। হাসপাতাল কর্তৃপক্ষ ছুটি দিলে মাকে নিয়ে বাড়ি যাব।’
ছয় ভাইয়ের একমাত্র বোন মিনারার ডাকনাম মিনু। স্বামী আলমগীর হোসেন হাওলাদারের সংসারে এক ছেলে ও এক মেয়ে ছিল তাঁর। কিন্তু পারিবারিক জীবনে একের পর এক বিপর্যয় নেমে আসে। স্বামী দ্বিতীয় বিয়ে করেন। এর মধ্যে মাত্র ছয় বছর বয়সে মেয়েটিও মারা যায়। এসব ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন মিনু। একপর্যায়ে হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্য। চার বছরের ছেলে নিয়ামুলকে রেখে একদিন নিরুদ্দেশ হন। এরপর ১৮ বছর তাঁর জীবন কেটেছে পথে-ঘাটে।
সম্প্রতি পায়ে আঘাত পেয়ে চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলেন মিনু। তাঁকে অসুস্থ অবস্থায় দেখে এক সেনা কর্মকর্তা হাসপাতালে ভর্তি করান। চিকিৎসা শুরুর পর কিছুটা সুস্থ হয়ে একবার হাসপাতাল থেকে চলে যান তিনি। বাইরে গিয়ে পায়ের অবস্থা আরও খারাপ হলে পরে আবার তাঁকে হাসপাতালে রেখে যান কেউ একজন।
এবার চিকিৎসকেরা তাঁর শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও মনোযোগ দেন। চিকিৎসায় ধীরে ধীরে ফিরতে থাকে স্মৃতি। নিজের নাম, বাবার নাম, ভাইয়ের নাম এবং গ্রামের ঠিকানা মনে করতে শুরু করেন তিনি। এসব তথ্যের সূত্র ধরেই একসময় খোঁজ মেলে পরিবারের।
মিনুর চিকিৎসায় যুক্ত ছিলেন হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক জসিম উদ্দিন। তিনি বলেন, বড় ধরনের মানসিক আঘাতে মানুষের মনোজগতে এমন বিপর্যয় ঘটতে পারে, যাতে শরীর ও মনের স্বাভাবিক সমন্বয় ব্যাহত হয়। মিনুর ক্ষেত্রেও তেমনটি হয়েছিল। দীর্ঘদিন চিকিৎসা না হওয়ায় তাঁর স্মৃতিশক্তি স্বাভাবিক হয়নি। হাসপাতালে চিকিৎসা শুরুর পর ধীরে ধীরে স্মৃতি ফিরতে শুরু করেছে।
মিনুর বাবার বাড়ি বরিশালের কোতোয়ালি থানার চন্দ্রমোহন চরে। তাঁর বাবা মোবারক আলী হাওলাদার, যিনি এলাকায় মগরেব আলী নামে পরিচিত। মেয়েকে হারিয়ে দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু হারানো মেয়েকে ফিরে পাওয়ার খবর জানার আগেই গত শুক্রবার মারা যান বাবা। তাঁর মৃত্যুর ছয় দিন পর পরিবারের সদস্যরা জানতে পারেন, মিনু বেঁচে আছেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মেয়েকে ফিরে পাওয়ার আনন্দের সঙ্গে বাবাকে হারানোর শোক নিয়েই শুক্রবার হাসপাতালে আসেন মিনুর ভাই বাবুল হাওলাদার। সঙ্গে ছিলেন মিনুর ছেলে নিয়ামুলও।
এই পুনর্মিলনের পেছনে বড় ভূমিকা রেখেছেন হাসপাতালের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী আলেয়া খাতুন। হাসপাতালের অজ্ঞাত রোগীদের দেখাশোনার দায়িত্ব পালন করেন তিনি। মিনুর সঙ্গে দীর্ঘদিন কথা বলতে বলতে তাঁর কাছ থেকে পরিবারের নানা তথ্য সংগ্রহ করেন। কখনো নিজের নাম, কখনো বাবার নাম, আবার কখনো গ্রামের ঠিকানা—মিনুর বলা বিচ্ছিন্ন তথ্যগুলো একত্র করে পরিবারের সন্ধান শুরু করেন আলেয়া।
প্রথমে পুলিশের সহায়তা চেয়েও প্রয়োজনীয় সাড়া পাননি তিনি। পরে এক সাংবাদিকের সহযোগিতায় যোগাযোগ হয় মিনুর ভাই বাবুল হাওলাদারের সঙ্গে। গত বুধবার রাতে তাঁকে জানানো হয়, তাঁর হারিয়ে যাওয়া বোন হাসপাতালে আছেন। পাঠানো হয় ছবিও। ছবি দেখে বোনকে চিনতে আর কোনো দ্বিধা থাকেনি বাবুলের। এরপর ভাগনে নিয়ামুলকে মায়ের খবর দেন তিনি।
বাবুল হাওলাদার জানান, স্বামীর সংসার ছেড়ে আসার পর মিনু তাঁদের বাড়িতেই থাকতেন। একদিন তাঁর এক ভাই চট্টগ্রামের মাইজভান্ডার দরবার শরিফে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। মিনুও তাঁর সঙ্গে যাওয়ার বায়না ধরেন। এরপর কোনো একসময় হারিয়ে যান তিনি। অনেক খোঁজাখুঁজি করেও আর সন্ধান পাওয়া যায়নি। এত বছর পর তাঁকে হাসপাতালের বিছানায় ফিরে পাবেন, তা কল্পনাও করেননি পরিবারের সদস্যরা।
নিয়ামুল জানান, তাঁর বাবা আলমগীর হোসেন হাওলাদার পরিবার পরিকল্পনা বিভাগে চাকরি করেন। মিনু ছিলেন বাবার প্রথম স্ত্রী। পরে আরও দুটি বিয়ে করেন তিনি। তবে বাবার সঙ্গে এখনো যোগাযোগ রয়েছে নিয়ামুলের।
মিনুর স্মৃতি এখনো পুরোপুরি ফিরে আসেনি। তবে নিজের পরিবার ও অতীত জীবনের কিছু ঘটনা মনে করতে পারছেন। ভাঙা ভাঙা স্মৃতি থেকে তিনি বলেন, ‘আমার বাপেরই ৭ কানি জমি ছিল। বাহেরগঞ্জে বিয়া দিসিল আলমের সাথে। আলম হাসপাতালে চাকরি করে। আমার পরে আবার বিয়া করে। তাই আমি রাস্তায় তাম্বু টানায় থাকছি।’
আলেয়া খাতুন জানান, প্রায় এক সপ্তাহ ধরে মিনু নিজের বাড়ির ঠিকানা মনে করতে পারছিলেন। ঠিকানা মনে পড়ার পর থেকেই বাড়ি ফেরার জন্য অস্থির হয়ে ওঠেন। তাঁর আকুলতা দেখেই পরিবারের সন্ধানে নামেন আলেয়া। শেষ পর্যন্ত ভাইয়ের সঙ্গে যোগাযোগ না হলে নিজেই মিনুকে নিয়ে তাঁর বলা ঠিকানায় যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন।
হাসপাতালে আসার পর থেকে মিনুর পাশে ছিলেন আলেয়া। দীর্ঘদিনের সেই সঙ্গ যেন দুজনের মধ্যে আপন সম্পর্ক তৈরি করেছে। এখন চিকিৎসা শেষে ছাড়পত্র পেলেই মিনুকে নিয়ে বরিশালের বাড়িতে ফিরবেন পরিবারের সদস্যরা।