মিরপুর টেস্টে লাল বলকে বিদায় জানাবেন মুশফিক
বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘদিনের নির্ভরতার নাম মুশফিকুর রহিম। ব্যাট হাতে অসংখ্য স্মরণীয় ইনিংস উপহার দেওয়া এই অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার এবার টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম টেস্ট খেলেই সাদা পোশাকের ক্রিকেটে ইতি টানবেন তিনি। দেশের মাটিতে, হোম অব ক্রিকেটেই শেষ হবে মুশফিকের দীর্ঘ টেস্ট অধ্যায়।
শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পঞ্চম বোর্ড সভা শেষে এ ঘোষণা দেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। তবে অবসরের সিদ্ধান্ত মুশফিক নিজে আনুষ্ঠানিকভাবে জানাননি। তাঁর অনুরোধেই বিষয়টি গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন বিসিবি সভাপতি।
বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে তামিম জানান, কয়েক দিন আগেই ফোন করে নিজের সিদ্ধান্তের কথা তাঁকে জানিয়েছিলেন মুশফিক। এরপর দুজনের মধ্যে এ বিষয়ে নিয়মিত যোগাযোগ হয়েছে। তামিম চেয়েছিলেন, মুশফিক নিজেই সংবাদ সম্মেলন করে তাঁর বিদায়ের ঘোষণা দেবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শুধু একটি পোস্ট দিয়ে বিষয়টি জানাতে নিষেধও করেছিলেন তিনি।
তামিম বলেন, মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর অবসর নিতে যাচ্ছে। বেশ কয়েক দিন আগে সে আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল। এরপর তার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। আমি তাকে বলেছিলাম, একটি সংবাদ সম্মেলন করে নিজেই যেন বিষয়টি ঘোষণা করে। ফেসবুকে স্ট্যাটাস না দেওয়ার জন্যও অনুরোধ করেছিলাম। কারণ, সে বাংলাদেশ ক্রিকেটের একজন মহান ও অসাধারণ সেবক। আমি চেয়েছিলাম, সে যেন বিষয়টি যথাযথভাবে ঘোষণা করে।
তবে শেষ পর্যন্ত মুশফিকের অনুরোধেই তাঁর অবসরের খবর প্রকাশ করতে হয়েছে বিসিবি সভাপতিকে। তামিম বলেন, “সে আমাকে বিষয়টি ঘোষণা করতে বলেছে। তার অনুরোধেই জানাচ্ছি, ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হবে তার শেষ টেস্ট। বিসিবির পক্ষ থেকে আমরা তাকে শুধু ধন্যবাদ জানাতে পারি এবং তার পাশে থাকতে পারি। বাংলাদেশ ক্রিকেটে তার যে অবদান, তাতে সে একজন অসাধারণ অ্যাম্বাসেডর। অনেক ক্রিকেটার ও শিশু-কিশোরের কাছে সে আদর্শ।”
মুশফিকের দীর্ঘ ক্যারিয়ারের সমাপ্তি স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। বোর্ড সভাপতি জানান, তাঁর বিদায় উপলক্ষে বড় পরিসরে উদযাপনের ব্যবস্থা করা হবে। এ ছাড়া সময়ের সঙ্গে আরও কিছু উদ্যোগের বিষয়েও জানানো হবে।
তামিম বলেন, “বিসিবি অবশ্যই মুশফিকের জন্য বড় একটি আয়োজন বা উদযাপনের ব্যবস্থা করবে। সময়ের সঙ্গে আরও কিছু বিষয় থাকবে, আপনারা সেগুলো দেখতে ও জানতে পারবেন।”
তথ্যসূত্র: রাইজিংবিডি