শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

চোটের পর ডেঙ্গুর হানা, নাহিদের ফেরা নিয়ে অনিশ্চয়তা

সোনার দেশ ডেস্ক ২৭ নভেম্বর ২০২৬ ১২:৪৬ অপরাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ২৭ নভেম্বর ২০২৬ ১২:৪৬ অপরাহ্ন
চোটের পর ডেঙ্গুর হানা, নাহিদের ফেরা নিয়ে অনিশ্চয়তা

চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা বাংলাদেশি পেসার নাহিদ রানার মাঠে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।


বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, গত তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন নাহিদ। শুরুতে জ্বরের তীব্রতা বেশি থাকায় ডেঙ্গু পরীক্ষা করানো হয়। পরীক্ষার ফল পজিটিভ আসার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


গত জুনে জিম্বাবুয়ে সফরে চোটে পড়ার পর থেকেই মাঠের বাইরে রয়েছেন এই পেসার। সাইড স্ট্রেইন ও নিতম্বের ব্যথায় ভোগার পর সুস্থ হওয়ার পথে আবারও চোটে পড়েন তিনি। সম্প্রতি সব চোট কাটিয়ে বোলিং শুরু করেছিলেন নাহিদ। অস্ট্রেলিয়ার চিকিৎসকের কাছ থেকেও ফিটনেসের ছাড়পত্র পেয়েছিলেন।


পরিকল্পনা অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার কথা ছিল তাঁর। তবে দেশে ফিরে এক সপ্তাহ বোলিং করার পর ওয়ার্কলোড পর্যবেক্ষণ করে মাঠে ফেরার সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। পরে ওয়ানডের পরিবর্তে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফেরার পরিকল্পনা করা হয়।


আগামী ১০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা। কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় ওই সিরিজে নাহিদের খেলা এখন অনিশ্চিত। ডেঙ্গু থেকে সেরে ওঠার পরও শারীরিক দুর্বলতা কাটিয়ে পূর্ণ গতিতে বোলিং করার মতো ফিটনেস ফিরে পেতে সময় লাগতে পারে। ফলে তাঁর মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।