শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

আইনি বিয়ে সারলেন মিমি, ডিসেম্বরে সামাজিক আয়োজন

সোনার দেশ ডেস্ক ২৭ নভেম্বর ২০২৬ ১২:২৪ অপরাহ্ন বিনোদন
সোনার দেশ ডেস্ক ২৭ নভেম্বর ২০২৬ ১২:২৪ অপরাহ্ন
আইনি বিয়ে সারলেন মিমি, ডিসেম্বরে সামাজিক আয়োজন

ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তী বিয়ে করেছেন। বৃহস্পতিবার কলকাতায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি।


বিয়ের আগে দক্ষিণ কলকাতায় মিমির নিজ বাসভবনে অনুষ্ঠিত হয় তাঁদের বাগদান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে লাল হৃদয়ের ইমোজিসহ বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে নতুন জীবনের খবর জানান অভিনেত্রী।


প্রকাশিত ছবিতে নবদম্পতিকে সাদা ও সোনালি রঙের মানানসই পোশাকে দেখা গেছে। একটি ছবিতে তাঁদের ছায়াচিত্রে বিয়ের আংটি প্রদর্শন করতে দেখা যায়। অন্য ছবিগুলোতে সিদ্ধার্থকে বিয়ের নিবন্ধনপত্রে স্বাক্ষর করতে এবং মিমিকে তাঁর আঙুলে আংটি পরিয়ে দিতে দেখা গেছে। শেষ ছবিতে স্বামীর মুখ আড়াল করে তাঁকে জড়িয়ে ধরে থাকতে দেখা যায় অভিনেত্রীকে।


টালিউড-সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মিমি ও সিদ্ধার্থ দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন। তবে তাঁদের সম্পর্কের বিষয়ে কখনো প্রকাশ্যে কিছু বলেননি অভিনেত্রী।


আইনি বিয়ের পর আগামী ৫ ডিসেম্বর পাহাড়ি শহর কালিম্পংয়ে সামাজিক ও প্রথাগত রীতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তিন দিনব্যাপী আয়োজনের শেষ পর্ব অনুষ্ঠিত হবে ওই দিন। এ ছাড়া মিমির নিজ শহর জলপাইগুড়িতেও একটি সংবর্ধনার আয়োজন হতে পারে। আগামী ১১ ডিসেম্বর কলকাতায় টালিউডের বন্ধু ও সহকর্মীদের জন্য বিবাহোত্তর সংবর্ধনার আয়োজনের কথাও জানা গেছে।


প্রয়াত নির্মাতা ঋতুপর্ণ ঘোষের পরিকল্পনায় নির্মিত জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘গানের ওপারে’র মাধ্যমে অভিনয়জগতে পরিচিতি পান মিমি চক্রবর্তী। এরপর ‘শুধু তোমারই জন্য’, ‘গ্যাংস্টার’, ‘পোস্ত’, ‘ড্রাকুলা স্যার’, ‘রক্তবীজ’ ও ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে টালিউডে নিজের অবস্থান তৈরি করেন তিনি।


বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন মিমি। ‘যাহা বলিব সত্য বলিব’ ও ‘ডাইনি’ সিরিজে অভিনয় করে প্রশংসা পেয়েছেন। সবশেষ সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত পূজার চলচ্চিত্র ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’-এ দেখা গেছে তাঁকে।


অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত হয়েছিলেন মিমি। ২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে পশ্চিমবঙ্গের যাদবপুর আসন থেকে লোকসভা নির্বাচনে জয়ী হন তিনি। ১৭তম লোকসভার সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।