ককটেল বিস্ফোরণে আহত হয়ে রাজশাহীতে আশ্রয়, গোপন চিকিৎসার সময় আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে একজন নিহত হওয়ার ঘটনায় আহত অবস্থায় পালিয়ে রাজশাহীতে আশ্রয় নিয়েছিলেন নাজমুল করিম ওরফে নুরুল। নগরীর তেরোখাদিয়া পশ্চিমপাড়ার একটি বাসায় গোপনে চলছিল তাঁর চিকিৎসা। বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। পরে চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আটক নাজমুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকায়। সেখানে তাঁর একটি চায়ের দোকান রয়েছে। এসআরবি-৫-এর দাবি, তিনি এলাকায় ককটেল তৈরির কারিগর হিসেবে পরিচিত এবং নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সঙ্গে জড়িত।
এসআরবি জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নগরের তেরোখাদিয়া পশ্চিমপাড়ার একটি বাসায় অভিযান চালানো হয়। ওই সময় নাজমুলের শরীরে স্যালাইন চলছিল। পরে তাঁকে স্যালাইনসহ ব্যাটালিয়নের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। এ সময় ওই বাসার ভাড়াটিয়া নারী ও নাজমুলের স্ত্রীকেও হাসপাতালে নেওয়া হয়।
বুধবার দুপুরে শিবগঞ্জের পারচৌকা এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই টমাস আলী নিহত হন। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের ব্যক্তিগত সহকারী ছিলেন। বিস্ফোরণে আহত আরও তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাঁদের মধ্যে নাজমুলও ছিলেন।
আহত নাজমুল প্রথমে রাজশাহী নগরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন। পরে পূর্বপরিচিত এক নারীর তেরোখাদিয়া পশ্চিমপাড়ার ভাড়া বাসায় আশ্রয় নেন। ওই বাড়ির মালিক রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. আলাউদ্দিন।
বাসাটির ভাড়াটিয়া নারী জানান, নাজমুল তাঁদের পূর্বপরিচিত। বুধবার ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর তাঁর স্ত্রী তাঁকে ওই বাসায় নিয়ে আসেন। বৃহস্পতিবার ড্রেসিং করানোর পর গ্রামের বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল তাঁদের। তবে দুপুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি এসে নাজমুলের শরীরে স্যালাইন লাগিয়ে দিয়ে যান। সন্ধ্যার পর এসআরবি সদস্যরা এসে বাড়িটি ঘিরে ফেলেন।
ওই নারী আরও জানান, নাজমুল কীভাবে আহত হয়েছেন, তা তিনি জানতেন না। তবে বাসায় অবস্থানকালে নাজমুল তাঁকে বলেন, বিস্ফোরণের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন এবং মোটরসাইকেলে করে তাঁকে সেখানে নেওয়া হয়েছিল।
এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক বলেন, ওই বাসা থেকে শুধু নাজমুলকেই আটক করা হয়েছে। চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাঁকে রামেক হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ হেফাজতে তাঁর চিকিৎসা চলবে। বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে। সুস্থ হলে তাঁকে আদালতে তোলা হবে।