শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

মশার কামড়ে প্রাণঘাতী বিপর্যয়, ক্যালিফোর্নিয়ায় ৪৫ মৃত্যু

সোনার দেশ ডেস্ক ২৭ নভেম্বর ২০২৬ ১২:১১ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২৭ নভেম্বর ২০২৬ ১২:১১ অপরাহ্ন
মশার কামড়ে প্রাণঘাতী বিপর্যয়, ক্যালিফোর্নিয়ায় ৪৫ মৃত্যু

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েছে। চলতি বছর এখন পর্যন্ত এ ভাইরাসে ৪৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৬১৭ জন। এক দশকেরও বেশি সময়ের মধ্যে সংক্রমণ ও মৃত্যুর হিসাবে চলতি বছরকে অন্যতম ভয়াবহ বছর হিসেবে দেখা হচ্ছে।


ফ্রান্স২৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা ও আর্দ্রতা বেড়ে যাওয়ায় মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, এর প্রভাবেই ভাইরাসটির বিস্তার বাড়ছে।


ওয়েস্ট নাইল ভাইরাসের উৎপত্তি আফ্রিকার উগান্ডায়। ১৯৯৯ সালের আগে যুক্তরাষ্ট্রে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়নি। সাধারণত আক্রান্ত পাখির রক্ত পান করার মাধ্যমে মশা ভাইরাসে সংক্রমিত হয়। পরে সেই মশার কামড়ে মানুষের শরীরে ভাইরাস ছড়ায়।


আক্রান্ত ব্যক্তিদের অধিকাংশের কোনো উপসর্গ দেখা যায় না। তবে কারও কারও জ্বর, মাথাব্যথা ও ফ্লুর মতো লক্ষণ দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে মস্তিষ্কে সংক্রমণ, স্মৃতিশক্তি ও চিন্তাভাবনায় সমস্যা এবং পক্ষাঘাতের মতো জটিলতা তৈরি হতে পারে। এ ভাইরাসের কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা এখনো নেই।


প্রতিবেদনে ক্যালিফোর্নিয়ার এক নারী বাডের অভিজ্ঞতাও তুলে ধরা হয়েছে। গত সেপ্টেম্বরে ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। একপর্যায়ে তাঁর পা শরীরের ভার বহনে অক্ষম হয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে প্রাণে বেঁচে যান। বর্তমানে শারীরিক পুনর্বাসনের মাধ্যমে হাঁটার সক্ষমতা ফিরে পাওয়ার চেষ্টা করছেন।


ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাসের জীববিজ্ঞানী রায়ান হ্যারিগানের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে ওয়েস্ট নাইল ভাইরাসের ভৌগোলিক বিস্তার বাড়ছে। ইউরোপের ২০টি দেশেও চলতি বছর দুই হাজারের বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতালি, গ্রিস ও ফ্রান্সে সংক্রমণ বেশি।


ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে এ বছর সংক্রমণ সবচেয়ে বেশি। সেখানে মে মাসেই সংক্রমিত মশার সন্ধান পাওয়া যায়, যা স্বাভাবিক সময়ের প্রায় দুই মাস আগে।


মশা নিয়ন্ত্রণে নর্দমায় লার্ভা ধ্বংসের ওষুধ প্রয়োগ, বন্ধ্যা পুরুষ মশা অবমুক্ত করা এবং মশার প্রজননস্থল অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় মশা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ব্যবস্থাপক সুজান ক্লুহ বাসিন্দা ও পর্যটকদের মশা প্রতিরোধক ব্যবহারের পরামর্শ দিয়েছেন। বিশেষ করে ভোর ও সন্ধ্যায় মশার কামড় থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।


বিশেষজ্ঞদের আশঙ্কা, বৃষ্টিপাতের পর তাপমাত্রা বাড়লে জমে থাকা পানিতে মশার বংশবিস্তার আরও বাড়তে পারে। ফলে আগামী দিনগুলোতে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।