শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকুর প্রয়াণ

সোনার দেশ ডেস্ক ২৭ নভেম্বর ২০২৬ ১২:০৮ অপরাহ্ন বিনোদন
সোনার দেশ ডেস্ক ২৭ নভেম্বর ২০২৬ ১২:০৮ অপরাহ্ন
নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকুর প্রয়াণ

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানলেন নাট্যকার, নির্মাতা ও চলচ্চিত্র প্রযোজক মাতিয়া বানু শুকু। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।


তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এরশাদুল হক টিংকু। মাতিয়া বানু শুকু ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা। চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিকের স্ত্রী তিনি। এক বছরের বেশি সময় আগে তাঁর শরীরে ক্যানসার শনাক্ত হয়। এরপর থেকে চিকিৎসা চলছিল। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ নভেম্বর তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।


দুই দশকেরও বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন মাতিয়া বানু শুকু। নাট্যকার ও পরিচালক হিসেবে তাঁর সৃষ্টিতে উঠে এসেছে মধ্যবিত্ত মানুষের জীবন, সম্পর্ক ও সমাজবাস্তবতার নানা দিক। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক।


নাটক নির্মাণের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাতেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন মাতিয়া বানু শুকু।