নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে আয়োজিত এক আলোচনা সভায়। সভায় নির্যাতনের শিকার নারীদের ন্যায়বিচার ও সুরক্ষা নিশ্চিত করা এবং অপরাধীদের দায়মুক্তির সুযোগ বন্ধের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে শুক্রবার (২৭ নভেম্বর) রাজশাহীর পবা উপজেলার বিয়ানাবোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ঠিকানা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে এএলআরডি (ALRD)|।
দিবসটির প্রতিপাদ্য ছিল— ‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই; ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার ও সুরক্ষা নিশ্চিত করি এবং দায়মুক্তির সংস্কৃতির অবসান ঘটাই।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।
বিশেষ অতিথি ছিলেন দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রুলাফাওয়ের পরিচালক আফজাল হোসেন, ঠিকানা সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা এভারেস্ট হেম্ব্রম, অ্যাডভোকেট সৈয়দা শামসুন্নাহার মুক্তি, রাজাবাড়ি হাট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বদরুন্নেসা বিউটি ও সুস্মিতা সমাদ্দার, সমাজসেবক আব্দুর রউফ এবং সম্রাট রায়হান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধে শুধু সচেতনতামূলক প্রচার-প্রচারণা যথেষ্ট নয়; এ জন্য পরিবার ও সমাজের সর্বস্তরে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নারীর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি নির্যাতনের ঘটনায় যথাযথ বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীরা যাতে কোনোভাবেই দায়মুক্তি না পায়, সে বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
বক্তারা আরও বলেন, নারীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। নারী ও কন্যাশিশুর জন্য সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে ঠিকানা সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক মো. শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।