রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান, বাকি আরও একটি
রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানির নবম চালান পৌঁছেছে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।
তবে জ্বালানি পরিবহনের একটি ফ্লাইট না আসায় আরও একটি চালান পৌঁছানোর অপেক্ষা রয়েছে। সেটি এলে ইউরেনিয়াম আমদানির নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক।
সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে সর্বশেষ চালানটি প্রকল্প এলাকায় নেওয়া হয়। প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত জ্বালানি এবং দ্বিতীয় ইউনিটের জ্বালানি মিলিয়ে এ পর্যন্ত নয়টি চালান আনা হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি কার্গো বিমানে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা ছিল।
তবে শুক্রবার নবম চালান পৌঁছালেও জ্বালানি পরিবহনের একটি ফ্লাইট না আসায় আরও একটি চালান আনা হবে। রূপপুর প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দশম চালানটি পৌঁছানোর মধ্য দিয়ে ইউরেনিয়াম আমদানির নির্ধারিত প্রক্রিয়া শেষ হবে।
এদিকে পারমাণবিক জ্বালানি আমদানির পাশাপাশি কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহের কার্যক্রমও এগিয়ে চলছে। গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় রূপপুরের প্রথম ইউনিট। ওই দিন টানা সাড়ে আট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করা হয়। পরীক্ষামূলক উৎপাদনের ওই পর্যায়ে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।
এরপর ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয় দফায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরীক্ষা চালানোর কথা জানিয়েছেন প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।