শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

১৮ মামলার আসামি পাবনার আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ২৭ নভেম্বর ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৭ নভেম্বর ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ন
১৮ মামলার আসামি পাবনার আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলার আসামি আরিফ হোসেনকে রাজশাহী থেকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।


আরএমপি জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে মহানগর পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে আরিফকে গ্রেপ্তার করে। তিনি পাবনা থেকে তিন-চার দিন আগে রাজশাহীতে আসেন। বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত একটি মিছিলে তাঁকে অংশ নিতে দেখা যায়। পরে তাঁর অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।


পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আরিফ হোসেনের বিরুদ্ধে চট্টগ্রাম, ঢাকা, সিরাজগঞ্জ, পাবনা ও রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, সন্ত্রাসবিরোধী আইন এবং মারামারিসহ বিভিন্ন অপরাধে মোট ১৮টি মামলা রয়েছে। তিনি পাবনা জেলার সাঁথিয়া থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন বলেও জানা গেছে।


এদিকে স্থানীয় সূত্রের অভিযোগ, পাবনার বিভিন্ন থানা এলাকায় মানুষকে জিম্মি করে মুক্তিপণ আদায়সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন আরিফ হোসেন।

গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।