শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

রাজশাহীতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ২৭ নভেম্বর ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৭ নভেম্বর ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ন
রাজশাহীতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে দায়ের করা মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), বিশেষায়িত শাখা এসআরইউ এবং বিভিন্ন থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।


পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা বৃহস্পতিবার সকালে নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত মিছিলে অংশ নিয়েছিলেন। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে রাজপাড়া থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি তাঁরা। মামলা নম্বর ৪৫, তারিখ ২৬ নভেম্বর ২০২৬। মামলায় সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ১০, ১১, ১২, ১৩ ও ২০ ধারায় তাঁদের আসামি করা হয়েছে।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার রায়পাড়া এলাকার মো. মাসুদ (৫৭), বড় বনগ্রাম কচুপাড়া এলাকার মুছা আহমদ খান মন্টু (৪০), এয়ারপোর্ট থানার বায়াপানপাড়া এলাকার আলহাজ মো. রেজাউল ইসলাম (৬৬) ও ভোলাবাড়ি এলাকার সোবাহান ওরফে শুভ (৩০), দামকুড়া থানার গহমাবোন এলাকার মো. মাসাদুল ইসলাম স্বপন (৫০), মোহনপুর থানার খারইল এলাকার মো. ইকবাল হোসেন (৫২), মোহনপুরের কেশরহাট পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ শহিদুজ্জামান (৫৫), তানোর থানার কামারখাঁ এলাকার মোহাম্মদ রুবেল শেখ (৩৮) ও দমদমা এলাকার মোহাম্মদ তারিফুর রহমান তোর (৩৮), রাজপাড়া থানার কেশবপুর ভেড়িপাড়া এলাকার ইদ্রিস আলম (৪২) এবং চন্দ্রিমা থানার শিরোইল কলোনি এলাকার মো. সাব্বির শেখ ওরফে জাহাঙ্গীর (৩৪)।


আরএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. মাসুদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক রাজশাহী জেলা সড়ক পরিবহন সভাপতি, মুছা আহমদ খান মন্টু নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের একান্ত সহকারী, মো. ইকবাল হোসেন মোহনপুর থানা যুবলীগের সভাপতি এবং মোহাম্মদ শহিদুজ্জামান মোহনপুর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া ইদ্রিস আলম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অন্যদের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করেছে পুলিশ।


পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।