তামিলনাড়ুতে বাবাদের জন্যও ছুটির অধিকার, সন্তান জন্মে মিলবে ১৫ দিন
ভারতের তামিলনাড়ুতে প্রথমবারের মতো পিতৃত্বকালীন ছুটি চালু করেছে থালাপতি বিজয়ের সরকার। রাজ্যটির বিবাহিত পুরুষ সরকারি কর্মীরা সন্তানের জন্ম উপলক্ষে ১৫ দিনের ছুটি পাবেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় এ ঘোষণা দেন।
নতুন নিয়ম অনুযায়ী, সন্তানের জন্মের সম্ভাব্য তারিখের ১৫ দিন আগে অথবা জন্মের পর ছয় মাসের মধ্যে এ ছুটি নিতে পারবেন পুরুষ সরকারি কর্মীরা।
মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তামিলনাড়ুতে এই প্রথম পুরুষ সরকারি কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি চালু করা হলো।
রাজ্য সরকারের মতে, সন্তানের জন্মের সময় মা ও নবজাতকের বিশেষ যত্ন প্রয়োজন। এসময় মাকে শারীরিক ও মানসিক সহায়তা দেওয়ার পাশাপাশি শিশুর দেখভালেও বাবার ভূমিকা গুরুত্বপূর্ণ।
এত দিন তামিলনাড়ুতে নারী সরকারি কর্মীরা ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পেতেন। তবে, পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটির কোনো ব্যবস্থা ছিল না। এ কারণে দীর্ঘদিন ধরে পুরুষ কর্মীরা পিতৃত্বকালীন ছুটির দাবি জানিয়ে আসছিলেন।
কর্মীদের সেই দাবির পরিপ্রেক্ষিতে এবার ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি অনুমোদন করেছে রাজ্য সরকার। এর মধ্য দিয়ে সন্তানের জন্মের সময় বাবারাও পরিবারের পাশে থাকার সুযোগ পাবেন।
এর আগে, দুই মাসের কিছু বেশি সময় আগে নারী সরকারি কর্মীদের তৃতীয় সন্তানের জন্মের ক্ষেত্রেও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় বিজয় সরকার। এর ফলে প্রথম দুই সন্তানের মতো তৃতীয় সন্তানের জন্মের সময়ও সমান ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়।
এদিকে, নতুন সিদ্ধান্তের ফলে পুরুষ সরকারি কর্মীরাও সন্তানের জন্মের সময় ছুটি নিতে পারবেন। এতে মা ও নবজাতকের যত্ন নেওয়ার পাশাপাশি পরিবারের পাশে থাকার সুযোগ পাবেন বাবারা।
সূত্র: ইন্ডিয়া টুডে ও জাগোনিউজ