শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

ফেসবুক পোস্টে ‘বিজয় দিবস ২.০’, বিমানের কর্মকর্তা বরখাস্ত

সোনার দেশ ডেস্ক ২৭ নভেম্বর ২০২৬ ১২:৩৯ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৭ নভেম্বর ২০২৬ ১২:৩৯ অপরাহ্ন
ফেসবুক পোস্টে ‘বিজয় দিবস ২.০’, বিমানের কর্মকর্তা বরখাস্ত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লিখে পোস্ট দেওয়ার ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তা মো. রফিকুল আলম সংস্থাটির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) হিসেবে কর্মরত ছিলেন।


বৃহস্পতিবার বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের তদন্ত শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। আদেশে সই করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ।


অফিস আদেশে বলা হয়েছে, রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থায় কর্মরত অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনাকাঙ্ক্ষিত বিষয় প্রচার করে বিমানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছেন রফিকুল আলম। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী প্রবিধিমালা, ১৯৭৯-এর ৫৫ ধারার পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে সংশ্লিষ্ট প্রবিধিমালা অনুসারে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


আদেশ অনুযায়ী, সাময়িক বরখাস্তের সময়ে বিধি অনুসারে খোরপোষ ভাতা পাবেন রফিকুল আলম। একই সঙ্গে তাঁকে বিমানের প্রধান কার্যালয় বলাকায় নিয়মিত হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


ফেসবুকে দেওয়া পোস্টের একটি স্ক্রিনশটে দেখা যায়, একটি ভিডিওতে ‘১৬ই ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লেখা রয়েছে। ওই পোস্টের মন্তব্যে রফিকুল আলম লিখেছেন, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।


তথ্যসূত্র: জাগোনিউজ