মুরগির দোকান বসানো নিয়ে বিরোধ, হোটেলে ঢুকে ম্যানেজারকে হত্যা
রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কর্মীদের ওপর হামলা চালিয়েছে দুই ব্যক্তি। এতে হোটেলটির ম্যানেজার নাঈমুর রহমান (২৬) নিহত হয়েছেন। আহত হয়েছেন মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মী হাসান (২৬)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন মিয়া জানান, রাত ২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে প্রবেশ করে নাঈমুরকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তাঁর চিৎকার শুনে আব্দুর রাজ্জাক ও হাসান এগিয়ে গেলে তাঁদেরও কুপিয়ে আহত করা হয়।
পরে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা আল আমিন বলেন, হোটেলের সামনে মুরগি ব্যবসায়ীদের বসাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এক মুরগি ব্যবসায়ী ও তাঁর ছেলে জড়িত বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
তিনি আরও জানান, আহত আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম হয়েছে। হাসানের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তথ্যসূত্র: জাগোনিউজ