শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিংয়ে ভোগান্তি, বন্ধ বহু অ্যাকাউন্ট

সোনার দেশ ডেস্ক ২৭ নভেম্বর ২০২৬ ১২:৫৮ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৭ নভেম্বর ২০২৬ ১২:৫৮ অপরাহ্ন
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিংয়ে ভোগান্তি, বন্ধ বহু অ্যাকাউন্ট

সাম্প্রতিক সহিংসতার পর গোপালগঞ্জে মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ব্যবহারে সমস্যায় পড়েছেন গ্রাহকরা। বৃহস্পতিবার অন্তত ১৪ জন গ্রাহক লেনদেনে সমস্যার কথা জানিয়েছেন। তাঁদের অভিযোগ, বিকাশসহ বিভিন্ন সেবার কিছু অ্যাকাউন্ট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় টাকা পাঠানো ও উত্তোলন করতে পারছেন না।


নগদের পরিবেশক শেখ মুজাহিদুল ইসলাম বলেন, স্থানীয় প্রশাসন ২৭ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত জেলায় আর্থিক লেনদেন সীমিত রাখার মৌখিক নির্দেশনা দিয়েছে। 

তবে বিকাশের করপোরেট কমিউনিকেশন বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম জানান, নির্দেশিকা অনুযায়ী কিছু অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তদন্ত শেষে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী সেগুলো চালু বা স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত হবে। 


অন্যদিকে, নগদের মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, নির্দিষ্ট কোনো এলাকায় অ্যাকাউন্ট বা সেবা স্থগিত করার প্রযুক্তিগত সক্ষমতা তাঁদের নেই।


বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রে ই-কেওয়াইসি নির্দেশিকা অনুযায়ী এমএফএস প্রতিষ্ঠানগুলো অ্যাকাউন্ট স্থগিত করতে পারে। তবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক বা বিএফআইইউ কোনো নির্দেশনা দেয়নি। 


বিএফআইইউর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, জুয়া, বাজি ও ক্রিপ্টোকারেন্সি লেনদেনের সঙ্গে জড়িত প্রায় ৮ হাজার অ্যাকাউন্ট গত তিন থেকে চার মাসে স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে গোপালগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।