বাঘায় আলু ও কাঠের গুঁড়াবোঝাই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের
রাজশাহীর বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাসির উদ্দিন (৩২) নামের এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে চারঘাট-ঈশ্বরদী মহাসড়কের চন্ডিপুর বাজারে জিয়া মিষ্টির দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসির উদ্দিন বাঘা পৌরসভার বানিয়াপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে আলুবোঝাই একটি ট্রাক ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। চন্ডিপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঠের গুঁড়াবোঝাই আরেকটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাঠের গুঁড়াবোঝাই ট্রাকের চালক নাসির উদ্দিন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর আলুবোঝাই ট্রাকের চালক গাড়িটি রেখে পালিয়ে যান।
বাঘা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার সময় তিনি ওই এলাকায় ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত চালককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পরে তাঁর মৃত্যুর খবর পান।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।