শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে চাপে বাংলাদেশের পোশাক রপ্তানি

সোনার দেশ ডেস্ক ২৭ নভেম্বর ২০২৬ ০১:০৪ অপরাহ্ন অর্থনীতি
সোনার দেশ ডেস্ক ২৭ নভেম্বর ২০২৬ ০১:০৪ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে চাপে বাংলাদেশের পোশাক রপ্তানি

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের ওপর নতুন করে ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এটি কার্যকর হলে বাংলাদেশি পণ্যের মোট শুল্কের হার বেড়ে ৩৩ দশমিক ৬২ শতাংশে দাঁড়াবে। এতে মার্কিন বাজারে পোশাকের দাম বাড়তে পারে। ভোক্তারা কেনাকাটা কমালে বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা ও রপ্তানি ক্রয়াদেশেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


গত বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) বাংলাদেশসহ ১৪টি বাণিজ্য অংশীদারের পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দেয়। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা গড়ে তুলে যুক্তরাষ্ট্রের উৎপাদক ও রপ্তানিকারকদের বাজারে প্রবেশের সুযোগ সীমিত করার অভিযোগে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের বর্তমান মোট শুল্কের হার ২৫ দশমিক ৬২ শতাংশ। প্রস্তাব কার্যকর হলে তা বেড়ে ৩৩ দশমিক ৬২ শতাংশ হবে।


বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি অবশ্য সাম্প্রতিক সময়ে কমেছে। অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সা) অনুযায়ী, ২০২৪ সালে দেশটির পোশাক আমদানি ছিল ৭৯ দশমিক ২৫ বিলিয়ন ডলার। ২০২৫ সালে তা কমে দাঁড়ায় ৭৭ দশমিক ৮৮ বিলিয়ন ডলারে। গত বছর যুক্তরাষ্ট্রের আমদানি করা পোশাকের বাজারে বাংলাদেশের অংশ ছিল ১২ দশমিক ৩ শতাংশ। একই সময়ে দেশটি বাংলাদেশ থেকে ৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে, যার ৯৫ শতাংশের বেশি ছিল বস্ত্র ও তৈরি পোশাক।


হা-মীম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেন, নতুন শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অংশীদারত্ব কমতে পারে। কারণ, শুল্ক বাড়লে পণ্যের দামও বাড়বে। তাঁর প্রতিষ্ঠানের বছরে প্রায় ১ বিলিয়ন ডলারের বস্ত্র ও তৈরি পোশাক রপ্তানির ৮০ শতাংশই যায় যুক্তরাষ্ট্রে। তবে আগামী জানুয়ারিতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা থাকায় চূড়ান্ত সিদ্ধান্তের আগে পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলে জানান তিনি।


অন্যদিকে এলিট গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক রামজুল সেরাজ মনে করেন, চীন, ভারত ও ভিয়েতনামসহ প্রতিদ্বন্দ্বী দেশগুলোর ওপরও শুল্ক আরোপের প্রস্তাব থাকায় বাংলাদেশ প্রতিযোগিতায় কিছুটা সুবিধা পেতে পারে। তবে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের মতে, বাংলাদেশের চালানগুলো সাধারণত ফ্রেইট অন বোর্ড (এফওবি) ভিত্তিতে পাঠানো হয়। ফলে রপ্তানিকারকদের তাৎক্ষণিক ক্ষতি বেশি না হলেও মার্কিন ক্রেতারা আমদানি কমালে বাংলাদেশও প্রভাবমুক্ত থাকবে না।


র‌্যাপিডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, যুক্তরাষ্ট্রে সামগ্রিকভাবে পোশাক আমদানি কমলে বাংলাদেশ থেকেও পণ্য কেনা কমাতে পারেন ক্রেতারা। বিকেএমইএর সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের প্রশাসক এম এ ফজলুল হকও মনে করেন, প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের শুল্ক পরিস্থিতি কিছুটা অনুকূলে থাকলেও বাজারে চাহিদা কমে গেলে সেই সুবিধা কাজে আসবে না।


শাশা ডেনিমসের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ বলেন, শুল্কের ব্যবধান বাংলাদেশের জন্য কিছুটা সুবিধা তৈরি করলেও তাতে স্বয়ংক্রিয়ভাবে নতুন ক্রয়াদেশ আসবে না। এ সুযোগ কাজে লাগাতে জ্বালানি সরবরাহ, পরিবহন ও সময়মতো পণ্য সরবরাহের সক্ষমতা বাড়াতে হবে। অনিয়মিত জ্বালানি সরবরাহের কারণে উচ্চমূল্যের সিনথেটিক পোশাক, আউটারওয়্যার ও অ্যাকটিভওয়্যারের বাজারে বাংলাদেশ ইতোমধ্যে সুযোগ হারিয়েছে বলেও জানান তিনি।


পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেন, শুল্কের চূড়ান্ত হার নিয়ে অনিশ্চয়তা রপ্তানিকারকদের আর্থিক চাপ বাড়াতে পারে। মার্কিন আমদানিকারকেরা বাড়তি ব্যয় ভোক্তাদের ওপর চাপালে চাহিদা কমবে, আর নিজেরা ব্যয় বহন করতে না চাইলে বাংলাদেশি সরবরাহকারীদের কাছে মূল্যছাড় চাইতে পারেন। উভয় পরিস্থিতিতেই মুনাফা কমার ঝুঁকি রয়েছে। বিশেষ করে জ্বালানি, শ্রম ও পরিচালন ব্যয়ে চাপে থাকা ক্ষুদ্র ও মাঝারি উৎপাদকরা বেশি ঝুঁকিতে পড়বেন।


নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, পণ্যের দাম বাড়লে মার্কিন ভোক্তারা কেনাকাটা কতটা কমান, তার ওপর শুল্কের প্রভাব নির্ভর করবে। চীনা পণ্যের ওপর বেশি শুল্কের কারণে দেশটির সরবরাহকারীরা অন্য বাজারে কম দামে পণ্য বিক্রি করছেন। এতে ইউরোপের বাজারে প্রতিযোগিতা বাড়ছে এবং বাংলাদেশি রপ্তানিকারকদেরও মূল্যছাড় দিতে হতে পারে। তাঁর মতে, কাঁচামাল ও মধ্যবর্তী পণ্যের জন্য চীনের ওপর নির্ভরতা কমানো, উচ্চমূল্যের পণ্য উৎপাদনে প্রণোদনা, রপ্তানি বহুমুখীকরণ ও নতুন বাজার অনুসন্ধানে গুরুত্ব দিতে হবে।


যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কের (এসইউএনওয়াই) কর্টল্যান্ড ক্যাম্পাসের অধ্যাপক বিরুপাক্ষ পাল নতুন শুল্কের প্রস্তাবকে বাংলাদেশের মতো অপেক্ষাকৃত দুর্বল বাণিজ্য অংশীদারের ওপর চাপ সৃষ্টির কৌশল বলে মনে করেন। তাঁর অভিযোগ, ওয়াশিংটনের সঙ্গে করা বাণিজ্য চুক্তির শর্ত ও দীর্ঘমেয়াদি প্রভাব যথাযথভাবে পর্যালোচনা করা হয়নি। তাঁর মতে, মূল চুক্তিই যুক্তরাষ্ট্রের স্বার্থের অনুকূলে থাকায় নতুন শুল্ক বাংলাদেশের রপ্তানিকারকদের ওপর আরও চাপ তৈরি করবে।