গোপালগঞ্জের ঘটনায় পাঁচ জেলা নিয়ে বিএনপির নতুন ভাবনা
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনাগুলোর সংস্কারকাজ আপাতত বন্ধ রাখার বিষয়ে আলোচনা করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। স্থাপনাগুলো বর্তমান অবস্থায় রাখা, ট্রেন চলাচল বন্ধ এবং উন্নয়ন কর্মকাণ্ড ও সরকারি বরাদ্দ সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়ও উঠে এসেছে বৈঠকে। দলটির কয়েকজন নেতা এসব পদক্ষেপকে ‘শাস্তিমূলক’ কৌশল হিসেবে দেখছেন।
একই সঙ্গে গোপালগঞ্জের পাশাপাশি মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর ও রাজবাড়ীর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্ক থাকার কথা ভাবছে বিএনপি। এসব এলাকায় সম্ভাব্য অস্থিরতা মোকাবিলায় বল প্রয়োগের পরিবর্তে ধৈর্য ও গণতান্ত্রিক আচরণের ওপর গুরুত্ব দিয়েছেন নেতারা। তবে গোপালগঞ্জের সহিংসতায় জড়িত ব্যক্তিদের প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়েও আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফরিদপুর সাংগঠনিক বিভাগের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের বৈঠকে এসব আলোচনা হয়। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আমানউল্লাহ আমান, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
বিএনপি নেতাদের আশঙ্কা, চলতি মাসের শেষ ভাগ ও ডিসেম্বরে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে সহিংসতা দেখা দিতে পারে। এতে সরকারি স্থাপনাগুলো আবারও হামলার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে। এ কারণে গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত থানা ভবনসহ সরকারি স্থাপনাগুলোর সংস্কারকাজ আপাতত শুরু না করার প্রস্তাব ওঠে।
নেতারা মনে করেন, এসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সেবা ও উন্নয়ন কর্মকাণ্ড পুনরায় চালুর কথা আলোচনায় এসেছে।
বৈঠকে মাদারীপুর ও শরীয়তপুরের পাশাপাশি ফরিদপুর ও রাজবাড়ীর পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এসব এলাকায় অস্থিরতা দেখা দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সংযত থাকার পরামর্শ দিয়েছেন নেতারা। বল প্রয়োগের পরিবর্তে সহনশীল ও গণতান্ত্রিক আচরণের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার ওপর গুরুত্ব দেন তাঁরা।
তবে সহিংসতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানানো হয়। এ কাজে প্রযুক্তির সহায়তা নেওয়ার বিষয়টিও বৈঠকে উঠে আসে।
বৈঠকে উপস্থিত বিএনপির এক নেতা বলেন, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। তবে বিগত জাতীয় নির্বাচনে এসব এলাকার অন্তত ২০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিয়েছেন বলে তাঁদের ধারণা। ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলেও নির্যাতন-নিপীড়নের পথে না যাওয়ার বিষয়ে নেতারা একমত।
এদিকে, ডিসেম্বরজুড়ে ফরিদপুর সাংগঠনিক বিভাগের নেতাকর্মীদের কর্মসূচি নিয়ে মাঠে থাকার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। তবে সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের পাশাপাশি সাংগঠনিক তৎপরতা বাড়াতে বলা হয়েছে।
তথ্যসূত্র: জাগোনিউজ