রামেক হাসপাতালে ডেঙ্গুতে শিশুসহ দু’জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ দু’জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর আগের দিনও ডেঙ্গুতে এক শিশুর মৃত্যু হয়। হাসপাতালের ওয়ার্ড ও নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউতে) দু’জনের মৃত্যু হয়।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে রামেক হাসপাতাল থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ডেঙ্গুতে মারা যাওয়ারা হলেন, নওগাঁর শিশু সাবিহা। তার বয়স সাড়ে পাঁচ বছর। এছাড়াও মারা গেছেন বাগমারার যুবক মিঠু (৩০)।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে রামেক হাসপাতালে মিঠুকে ভর্তি করেন তার স্বজনরা। সে পাঁচ দিনের জ্বরে ভুগছিলেন। শুক্রবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ডেঙ্গু ওয়ার্ডের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অপরদিকে, গেল ৬ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি হন সাবিহা। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে একইদিন সকালে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। তবে রোগকে কেন্দ্র করে তাদের দু’জনে কোনো ভ্রমণের ইতিহাস নেই।
হাসপাতালে বর্তমানে ৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। চিকিৎসাধীনদের মধ্যে পাঁচজন শিশু, ২৪ জন পুরুষ ও ১২ জন নারী। তারা সবাই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে।