হলের ছাদে গাঁজা সেবনকালে রাবির ৬ শিক্ষার্থী আটক

রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ছাদে গাঁজা সেবনের সময় ছয়জন শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তামিম। তিনি সোহরাওয়ার্দী হল ছাত্র সংসদে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বলে জানা গেছে।
তামিমের তথ্যের ভিত্তিতে আরও ছয়জনের পরিচয় জানা গেছে। তারা হলেন—পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নাহিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নাঈম, আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সাবিত এবং ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির ও ইমরান।
এ বিষয়ে সোহরাওয়ার্দী হল সংসদের ভিপি কাউছার হাবীব বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই হলে মাদক সেবন রোধে কাজ করছি। বিভিন্ন সময় কিছু শিক্ষার্থীকে সন্দেহভাজন অবস্থায় পেলেও হল প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি না থাকায় পদক্ষেপ নিতে পারিনি। গতকাল মাদকবিরোধী বিজ্ঞপ্তি জারি হওয়ার পর আজ আমরা হল সংসদের সদস্যরা মিলে নজরদারি চালাই। হঠাৎ ছাদে কিছু শিক্ষার্থীকে দেখে সন্দেহ হলে আমরা এগিয়ে যাই, তখন তিন-চারজন দৌড়ে পালাতে চেষ্টা করে। পরে আমরা তাদের ধরতে সক্ষম হই এবং প্রভোস্ট স্যার ও সহকারী প্রক্টর স্যারকে বিষয়টি জানাই। এরপর তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক বেলাল হোসাইন বলেন, সোহরাওয়ার্দী হলের ভিপিসহ কয়েকজন শিক্ষার্থী গাঁজা সেবনের সময় কয়েকজনকে আটক করে আমাদের খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করি। তাদের কাছ থেকে গাঁজা ও অন্যান্য নেশাজাত দ্রব্য উদ্ধার করা হয়। তাদের সবাইকে আজ প্রক্টর অফিসে ডাকা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।