নগরীতে বিদ্যুৎ পোলে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে নেসকোর দুই কর্মচারী আহত

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে বিদ্যুৎ পোলে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে নেসকোর দুই কর্মচারি গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে একজন নিচে পড়ে গিয়েছিলেন। তার অবস্থা সংকটাপন্ন। আরেকজনের মইয়ের সঙ্গে সেইফটি বেল্ট বাধা ছিল। তিনি ওপরেই ঝুলে ছিলেন।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গার আদুবুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুজন হলেন- নেসকোর লাইনম্যান আব্দুল হক ও লাইন সাহায্যকারী আবু তালেব। নিচে পড়ে যাওয়া আব্দুল হককে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আর আবু তালেব আছেন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।
নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী জানান, তিনি শুনেছেন যে ওই দুই কর্মচারী ট্রান্সফরমারের কাজের জন্য বিদ্যুতের খুঁটিতে উঠেছিলেন। সেখানে বেশ কয়েকটি বিদ্যুতের সঞ্চালন লাইন ছিল। একটি লাইন বন্ধ করা হলেও আরেকটি চালু ছিল। ফলে কাজ করার সময় প্রথমে একজন এবং পরে অন্যজন বিদ্যুতায়িত হন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শঙ্কর কুমার বিশ্বাস জানান, আহত দুই কর্মচারীর একজনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা বর্তমানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।
নেসকোর নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন) আবু হায়াত মো. রহমতুল্লাহ বলেন, ঘটনাটি আমরা জানার পরপরই হাসপাতালে গিয়ে আহতদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একজন গুরুতর আহত হওয়ায় তাকে ঢাকায় শিফট করা হয়েছে এবং অপরজন আইসিইউতে চিকিৎসাধীন। আর এমন অনাকাঙ্খিত ঘটনার কেনো ঘটলো তার জন্য একটি তদন্ত টিম গঠন করার নির্দেশ প্রদান করা হয়েছে।