গলায় ফাঁস দিয়ে রাবি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

রাবি প্রতিবেদক :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বুধবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় সংলগ্ন মির্জাপুরের ইসলাম টাওয়ার ভোরে এই ঘটনা ঘটে। এদিন সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আকতার বানু।
ওই শিক্ষার্থীর নাম সোনিয়া সুলতানা তানিয়া। তিনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
পরিচালক অধ্যাপক ড. আকতার বানু বলেন, বিষয়টি জানার পরেই আমি ঘটনাস্থলে এসেছি। তানিয়াদের গতকাল ভাইভা ছিলো। ভালো ভাইভা দিয়েছে। কিন্তু কেনো এমন করলো, বুঝতে পারছি না আমরাও। একটা নোট লিখে রেখে গিয়েছে। সেখানে শুধু লেখা “মাফ করে দিও”।
পুলিশ প্রাথমিকভাবে আলামত সংগ্রহ করে নিয়ে গিয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ভোর ৬টার দিকে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। এখন ধোয়ানোর পরে লাশ দাফনের প্রস্তুতি চলছে।