রাবি শিক্ষককে ‘চরিত্রহীন’ আখ্যা দিয়ে স্থায়ী বহিষ্কারের দাবি, ক্লাস-পরীক্ষা বর্জন

রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষককে চরিত্রহীন, লম্পট ও সন্ত্রাসী আখ্যা দিয়ে তাঁর বহিষ্কারের দাবিতে ২য় দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভাগের শিক্ষার্থীরা।
অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন করে মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই বিক্ষোভ মিছিল করে তাঁরা। পরে বিভাগের অফিসকক্ষে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।
ওই শিক্ষকের নাম তানজিল ভুঞা। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক। নিজের বিভাগে অধ্যয়নরত চতুর্থ বর্ষের এক ছাত্রীকে ২য় স্ত্রী হিসেবে বিয়ে করেছেন তিনি।
শিক্ষার্থীদের অভিযোগ, তানজিল ভূঁইয়া দীর্ঘদিন ধরে নারী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করে আসছেন। পাশাপাশি ছাত্রীদের অনৈতিক প্রস্তাব, ভয়ভীতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যেরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাজমহাল আক্তার তিথি অভিযোগ করে বলেন, উনি শিক্ষক হয়ে নারী শিক্ষার্থীদের শারীরিক গঠন নিয়ে অশোভন মন্তব্য করেন। বলেন, ‘তোমার মাজা চিকন, তুমি ভালো নাচতে পারবে।’ তার কুপ্রস্তাবে রাজি না হলে পরীক্ষার ফলাফলেও প্রভাব পড়ত। উনি নারী শিক্ষার্থীদের ‘রাতের রানী’ বা ‘রাতের গার্ড’ বলেও অবমাননা করেন।
চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাজু আহমেদ বলেন, বিভাগের প্রায় সব ব্যাচের ছাত্রীই তার অশালীন আচরণের শিকার। তিনি ক্লাসে শরীর নিয়ে মন্তব্য করেন এবং শিক্ষার্থীদের হুমকি দেন। আমরা তার স্থায়ী বহিষ্কার ছাড়া ক্লাসে ফিরব না।
উল্লেখ্য, সহকারী অধ্যাপক তানজিল ভুইয়ার সোমবার (১০ নভেম্বর) গত ৫ নভেম্বর ওই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টার অভিযোগ ওঠে। তিনি বর্তমানে নিজের এক ছাত্রীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ রয়েছেন।