সোমবার, আগস্ট ২৪, ২০২৬

এনসিপি ৩০০ আসন ধরে এগোচ্ছে: নাহিদ

WP Import ০২ নভেম্বর ২০২৫ ০৮:২২ অপরাহ্ন জাতীয়
WP Import ০২ নভেম্বর ২০২৫ ০৮:২২ অপরাহ্ন
এনসিপি ৩০০ আসন ধরে এগোচ্ছে: নাহিদ
এনসিপি ৩০০ আসন ধরে এগোচ্ছে: নাহিদ

সোনার দেশ ডেস্ক:


রোববার দুপুরে বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

ঢাকা থেকেই তিনি নিজে নির্বাচন করবেন জানিয়ে বলেন, “চলতি মাসের মধ্যেই এনসিপির পূর্ণ প্রার্থীতালিকা ঘোষণা করা হতে পারে।”
রোববার (২ নভেম্বর) দুপুরে ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “জামায়াতের কার্যক্রমে মনে হচ্ছে, তাদের নির্বাচন পেছনোর অভিসন্ধি বা দুর্ভিসন্ধি আছে। এক দল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পিছিয়ে দিচ্ছে। কিন্তু আমরা এর কোনোটাই চাই না। আমরা চাই, যথাসময়ে নির্বাচন হবে এবং জুলাই সনদও আইনি ভিত্তি পাবে। তাই এই দুইটি দলসহ সব দলের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যেন ঐক্যবদ্ধভাবে এক জায়গায় আসে। আমরা এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে চাই।”

এনসিপির আহ্বায়ক বলেন, “নির্বাচন ও সংস্কারকে আলাদা কার্যক্রম হিসেবে দেখলে ঐক্যের জায়গাটা হচ্ছে সংস্কারের পক্ষে কেউ না থাকলে তাদের সঙ্গে আমাদের জোটে যাওয়া সম্ভব নয়। আমরা আমাদের মতো প্রস্তুতি নিচ্ছি। আমাদের মৌলিক দাবি, যেমন- সংস্কার ও বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলা, আওয়ামী ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে একেবারে বের করে আনা, বৈদেশিক আধিপত্যবাদ থেকে বের করে আনা, এই দাবিগুলোর সঙ্গে কাছাকাছি কেউ থাকলে আমাদের যদি ঐক্যবদ্ধ হতে হয় বা সমঝোতায় যেতে হয়, সেটি তখন আমরা বিবেচনায় রাখব। দরজা আমাদের খোলা আছে। কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।”

নাহিদ ইসলাম বলেন, “গণভোট নির্বাচনের দিনও হতে পারে, নির্বাচনের আগেও হতে পারে, তবে এটিই মূল বিষয় নয়। এটি আগে করলেও ভালো, কিন্তু সমস্যা থাকলে নির্বাচনের দিনও করা যেতে পারে। এটা মূল বিষয় নয়। আদেশ জারি করা ও বাস্তবায়ন করাটা মূল বিষয়। জুলাই সনদ তথাকথিত প্রেসিডেন্ট যিনি আছেন, অর্থাৎ, প্রেসিডেন্ট অফিস থেকে জারি হলে এই জুলাই সনদের আইনি ও রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না। বরং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কফিনে শেষ পেরেক মারা হবে। তাই জুলাই সনদ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকেই জারি করতে হবে।”
তিনি বলেন, “আওয়ামী লীগ যে জুলুম করেছে, তাতে ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ আছে। বাংলাদেশে ওপর ভারতের প্রভাব বিস্তারের চেষ্টা থেকে বিরত থাকতে হবে। বাংলাদেশের সঙ্গে সমমর্যাদার সম্পর্কে যেতে হবে।”
তথ্যসূত্র: রাইজিংবিডি