ঈশ্বরদীতে বিজয়া দশমীর আনন্দ করতে গিয়ে সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে বিজয়া দশমীর আনন্দ উদ্যাপন করতে ছুটিতে বাড়ি এসে সড়ক দুর্ঘটনায় দিব্য কুন্ডু (৩০) নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। দিব্য ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয় বাজারের ব্যবসায়ী পিযুষ কুন্ডুর ছেলে ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, শারদীয় দুর্গোৎসবে বিজয়া দশমীর দিনে বৃহস্পতিবার ঈশ্বরদী-বাঘা মিনি বিশ্বরোডের আরামবাড়িয়া এলাকার পেট্রল পাম্পের সামনে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন দিব্য। এসময় একটি সাইকেলের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী ট্রাফিক পুলিশের পরিদর্শক আব্দুল্লাহ-আল মাবুদ।
এদিকে একই দিন সকালে ঈশ্বরদী পৌর এলাকার অরনকোলা হারুখালির মাঠ সংলগ্ন পাবনা-লালপুর হাইওয়ে সড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সবুজ মিয়া (৩৫) নামের একজন ট্রাক চালক নিহত হন। তিনি পাবনার টেবুনিয়া বড় ঘাটিয়া এলাকার শহীদুল ইসলামের ছেলে। এসময় আহত হন ইমন আলী, আশরাফুল ইসলাম, ও বাবু মিয়া। তাদের মধ্যে একজনকে রাজশাহী ও অন্য দুজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. স. ম. আব্দুন নূর জানান, এসব দুর্ঘটনায় পৃথক পৃথক অপমৃত্যু মামলা হয়েছে। নিহতদের মরদেহ তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।