ঈশ্বরদীতে যুবদল নেতাকর্মীর বিরুদ্ধে ট্রাকভর্তি জিরা লুট করার অভিযোগ : গ্রেপ্তার ৩
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে ট্রাকভর্তি জিরা লুটের অভিযোগে যুবদলের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) রাতে উপজেলার ভাড়ইমারী এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়ন যুবদল নেতা নাজমুল মালিথা (৩০), যুবদল কর্মী তামিম কাউসার (২১) এবং তার বাবা মোজাহার আলী মালিথা (৬৫)। তারা সবাই ভাড়ইমারী মালিথাপাড়ার বাসিন্দা।
থানায় দায়ের করা মামলার এজাহারে বলা হয়, সুজানগর উপজেলার দুলাই বাজারের ব্যবসায়ী মো. আব্দুল্লাহ গত ৩ সেপ্টেম্বর সিলেট থেকে ২৩২ বস্তা জিরা (ছয় হাজার ৯৬০ কেজি) ক্রয় করেন, যার বাজারমূল্য প্রায় ৩৭ লাখ ৯ হাজার ৬৮০ টাকা। এগুলো একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২০-৬৫৯৯) করে দুলাই বাজারে পৌঁছানোর কথা ছিল। কিন্তু সময়মত তা যথা ঠিকানায় না পৌঁছালে ট্রাকচালক ও হেলপারের মোবাইলে কল করেন ব্যবসায়ী আব্দুল্লাহ। কিন্তু উভয়ের মোবাইল বন্ধ পাওয়া যায়। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন গত ৫ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে ট্রাকটি ঈশ্বরদীর দাশুড়িয়া বাজারে পৌঁছে। সেখানে আসামিরা মিলে জিরার পুরো চালান লুট করে দেয়। বিষয়টি নিশ্চিত হয়ে তাদের বিরুদ্ধে আব্দুল্লাহ ঈশ্বরদী থানায় মামলা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. স. ম. আব্দুন নূর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন লুট করা জিরা উদ্ধার ও আসামীদের গ্রেপ্তারের পর পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে গ্রেপ্তারের পর যুবদলের নেতা কর্মী বলে তাদের ছবি ও যুবদলের নেতা পরিচয় সম্বলিত ফেস্টুনের ডিজাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হলে গতকাল বৃহস্পতিবার উপজেলার সলিমপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক সোহেল রানা সুমন মালিথা সলিমপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, গ্রেপ্তার নাজমুল মালিথা, তামিম কাউসার এবং মোজাহার আলী মালিথা কেউই যুবদলের নেতাকর্মী নন। তবে ঈশ^রদী উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী বিশ্বাস টনি বলেন তারা যুবদলের সক্রিয় কর্মী।