ঈশ্বরদীতে দুইদিনের শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
ঈশ্বরদী উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণে জাতীয় শিক্ষাক্রম সিলেবাস অনুযায়ী নবম ও দশম শ্রেণির পদার্থ ও জীব বিজ্ঞান এবং রসায়ন বিষয়ে দুইদিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। বুধবার ( ১ অক্টোবর) ঈশ্বরদীর সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এই প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক ছিলেন চট্রগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদ বিভাগের প্রফেসর ড. আবদুল আহাদ। তিনি জাতীয় শিক্ষাক্রম সিলেবাস অনুযায়ী পদার্থ ও জীব বিজ্ঞান এবং রসায়ন বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন।
‘আনোয়ার পরিবার ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান এবং ঈশ্বরদীর ‘কামিনি হাসপাতাল’র ব্যবস্থাপনা পরিচালক যুক্তরাষ্ট্রের সরুজবেরী, ম্যাছাচুছেটস এলাকায় অবস্থিত টাফট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এম. শওকত আনোয়ারের সহায়তায় এ প্রশিক্ষণ কার্যক্রমে উপজেলার ৩০টি মাধ্যমিক স্কুলের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। সনদ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন চট্রগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদ বিভাগের প্রফেসর ড. আবদুল আহাদ, ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আরিফুল ইসলাম, গণমাধ্যম কর্মী সেলিম সরদার, শিক্ষক মিহাজ উদ্দিন, সমাজকর্মী আলীউজ্জামান রুহেল প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন ‘আনোয়ার পরিবার ফাউন্ডেশন’ এর অন্যতম সদস্য আনোয়ার ফয়সাল ইকো। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থী প্রত্যেক শিক্ষককে সনদপত্র ও সম্মানী প্রদান করা হয়।
প্রসঙ্গত: এই ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় ২০২০ সাল থেকে এ পর্যন্ত চট্রগ্রাম, কুমিল্লা, নোয়াখালি, লক্ষ্মীপুর ও পাবনায় ১১টি প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে এসব প্রশিক্ষণে পাঁচ জেলার ২৬৯ জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।