ঈশ্বরদীতে পৃথক দূর্ঘটনায় সড়কে ঝরল দুই শিশুর প্রাণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুই ঘণ্টার ব্যবধানে দুটি দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে একজন শিক্ষার্থীর পরিচয় পাওয়া যায়নি। অপর জনের নাম আব্দুল আলিম পিয়ারুল লাল (৮)। সে সাঁড়া মৌলভীপাড়ার মিলন হোসেনের ছেলে। লাল সাঁড়া স্কুলের ২য় শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে উপজেলার পাবনা-পাকশী মহাসড়কে একটি অটো ইজিবাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাস্তায় পড়েছিল অজ্ঞাত এক কিশোরী শিক্ষার্থী। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর ২ ঘণ্টা পর বেলা ১১টার দিকে ঈশ্বরদী ইপিজেড সড়কের বাঘইল দাসপাড়া মন্দিরের সামনে নানার দোকানে এসে রাস্তা পার হচ্ছিল শিশু লাল। এ সময় একটি দুতগামী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুন নূর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। নিহত কিশোরী একজন শিক্ষার্থী তা বোঝা গেছে তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি। শনাক্তের চেষ্টা চলছে। শিশু লালকে চাপা দেওয়া ঘাতক ড্রাম ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।