ব্যাক্তি উদ্যোগে ঈশ্বরদী পৌর স্টেডিয়াম সংস্কার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
দীর্ঘদিন ধরে খেলাধুলার অনুপোযোগী হয়ে পড়ার পরও পৌর কর্তৃপক্ষ সংস্কার না করায় এবার ব্যাক্তি উদ্যোগে ঈশ্বরদী পৌর স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু করেছেন ক্রীড়া সংগঠক ও পৌরসভার সর্বশেষ নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়ন।
গতকাল সোমবার তিনি ব্যাক্তি উদ্যোগে এই স্টেডিয়ামের মাটি ভরাট ও সংস্কার কাজ শুরু করেন। এসময় ঈশ্বরদী ক্রিকেট একাডেমির কোচ ও খেলোয়াড়রাও সংস্কার কাজে সহযোগীতা করেন। এ বিষয়ে রফিকুল ইসলাম নয়ন বলেন, ঈশ্বরদী পৌর স্টেডিয়াম দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলায় পরিত্যাক্ত হওয়ার যোগাড় হয়েছিল। ক্রিকেটারদের অনুরোধে স্টেডিয়ামে সংস্কার করার উদ্যোগ গ্রহণ করি।
একটি উন্নত মানের ক্রিকেট পিচ এবং আউট ফিল্ড, নতুন ঘাস লাগানো এবং একটি আধুনিক ও যুগোপযোগী স্টেডিয়ামে রূপান্তরিত করার জন্য চেষ্টা করছি। ঈশ্বরদী পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, স্টেডিয়ামে দীর্ঘদিন ধরে ঠিকাদারি মালামাল ও নির্মান সামগ্রী ফেলে রাখার কারনে স্টেডিয়াম খেলার অনুপোযোগী হয়ে পড়েছিল। ঠিকাদার অথবা কেউ স্ব-উদ্যোগে এর উন্নয়ন করতে পারেন। এতে কোন বাধা নেই।