তারেক রহমানের নির্দেশনা যে মানে না, সে তার বাপকেও মানে না :বিএনপির নেতা হাবিব

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, দল কাকে নমিনেশন দিল, কে সবুজ সংকেত পেল সেটা মুখ্য বিষয় নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে এটাই মুখ্য বিষয়। তবে যারা ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য দলের নির্দেশনা অমান্য করে, যারা তারেক রহমানের নির্দেশনা মানে না, তারা মূলত তার বাপকেও মানে না।
শনিবার সন্ধ্যায় উপজেলার সাহাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাবিবুর রহমান হাবিব বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পরাজিত করার জন্য তথা ধানের শীষকে পরাজিত করার জন্য আগামী দিনে অনেক বিরোধিতা হবে, অনেক ষড়যন্ত্র হবে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, দেশনায়ক তারেক রহমানের সুশৃঙ্খল নির্দেশনায় সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভায় সভাপতিত্ব করেন সাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান হামদু মেম্বার। সাধারণ সম্পাদক রমজান আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস,
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন,
সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সুলভ মালিথা, সাহাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউল রহমান মনিরুলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।