দুর্গাপুরে ওষুধ ভেবে হারপিক খেয়ে বৃদ্ধার মৃত্যু
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে ওষুধ ভেবে টয়লেট ক্লিনার (হারপিক) পান করে ষাট ঊর্ধ্ব মোতাহারা বেগম নামে এক বৃদ্ধ মৃত্যুবরণ করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ঝালুকা ইউপির কাঁঠালবাড়িয়া গ্রামে। (১৭ সেপ্টেম্বর) দুপুর তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মোতাহারা বেগম বাঘা উপজেলার হাবাসপুর গ্রামের বাসিন্দা। তার কোনো ছেলে সন্তান না থাকায় পালাক্রমে দুই মেয়ের বাড়িতে থাকতেন। এক মাস পূর্বে দুর্গাপুরে বসবাসরত তার মেয়ে মতিয়ারা বেগমের বাড়িতে আসেন। বৃদ্ধা মোতাহারা বেগম বিভিন্ন রোগবালাইয়ে আক্রান্ত ছিলেন। বিশেষ করে তিনি দু’চোখে ভালো দেখতে পেতেন না। এমতাবস্থায় সবার অগোচরে ওই বৃদ্ধা (১৬ সেপ্টেম্বর) খাবার ওষুধ মনে করে হারপিক পান করেন।
এসময় যন্ত্রণায় সেই বৃদ্ধা ছটফট করতে থাকে। পরে তার মেয়ে দেখতে পেয়ে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে বৃদ্ধাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, টয়লেট ক্লিনার খেয়ে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।