শিবগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টাইফয়েড জ্বরের ভয়াবহ প্রাদুর্ভাব রোধে টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। ইপিআই কর্মসূচির আওতায় পরিচালিত এ উদ্যোগে শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন এ টিকা সাধারণ টাইফয়েড প্রতিরোধের পাশাপাশি দিন দিন বেড়ে চলা ওষুধ প্রতিরোধী টাইফয়েডের বিস্তার রোধেও কার্যকর ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান, মেডিকেল কনসালন্টেট মামুন কবির ও আবাসিক মেডিকেল অফিসার আজিজুল হক সুইটসহ অন্যরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন বলেন, ৯ মাস থেকে ১৫ বছরের ১ লাখ ৬৯ হাজার ৯৯০ জন রেজিস্ট্রেশনধারী শিশুকে এই টিকা দেয়া হয়। এর মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ১ লাখ ১৫ হাজার ৩৩৬ জন শিশু ও কমিউনিটি সেন্টারে ৫৪ হাজার ৬৫৪ জন শিশুকে দেয়া হবে টিকা। তিনি বলেন, টাইফয়েড জ্বর একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ।
শিশুদের সুরক্ষায় সরকার বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে সারা দেশে এ কর্মসূচি বাস্তবায়িত হবে। তিনি আরও জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এই টিকা নিরাপদ ও কার্যকর। সরকারের এই ক্যাম্পেইন শুধু শিশুদের জীবন রক্ষা নয়, দীর্ঘমেয়াদে টাইফয়েডজনিত অসুস্থতা ও মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।